ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--আসামীদের উপস্থিতিতে ৩ ডিসেম্বর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করেছে আদালত।
বুধবার ঢাকা মহানগর দায়রাজজ মো: আজিজুল হকের আদালতে শুনানির তারিখ ঠিক করা হয়। এসময় বিচারক বলেন, বিচারের জন্য আদালত ঠিক থাকবে, তবে শেরে বাংলা নগরে এমপি হোস্টেলে এজলাস স্থানান্তরিত হবে।
(বিস্তারিত)
বুধবার মামলাটির শুনানি গ্রহণের কথা ছিল। কিন্ত শেরে বাংলানগর এমপি হোস্টেলে এজলাস স্থানান্তরের সরকারী আদেশ আসামী পক্ষের আইনজীবীদের হাতে না পৌঁছানোয় বিচারক মামলার নতুন তারিখ নির্ধারণ করেন। এসময় রাষ্ট্রপক্ষ ও আসামী পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।
মামলায় অভিযুক্তরা হলেন আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম।
তবে হাসিনা ও সেলিমকে আদালতে হাজির করা হয়নি।
শেখ হাসিনা ও শেখ সেলিমের আইনজীবী কামরুল ইসলাম, সাহারা খাতুন এ মামলাটির কার্যক্রম মূলতবি ও স্থগিত রাখার আবেদন জানিয়ে বলেন, যেহেতু প্রজ্ঞাপন সম্পর্কে আসামী পক্ষ জানেন না, আর অভিযুক্তদেরকেও কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি সেহেতু এ মামলায় অদ্যকার অভিযোগ গঠনের শুনানি মূলতবি করে এই শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য করা হোক।
আইনজীবীরা আরো বলেন, যেহেতু হাইকোর্টে মামলাটির রুল নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে তাই নিম্ন আদালতের এই বিচার কার্যক্রম স্থগিত রাখা হোক।
বিচারক মো. আজিজুল হক এই বক্তব্যের জবাবে বলেন, "যেহেতু আপিল বিভাগ নিম্ন আদালতে এ মামলার কার্যক্রম স্থগিত রাখার ব্যাপারে হাইকোর্টের আদেশ খারিজ করে দিয়েছে তাই এখন মহানগর দায়রা জজ আদালতে এ মামলার কার্যক্রম চালাতে আর বাধা নেই।"
বিচারক আগামী তিন ডিসেম্বর শেরেবাংলা নগরে মহানগর দায়রা জজের বিশেষ এজলাসে অভিযুক্তদের বিরুদ্ধে এদের উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ঠিক করেন।
অপর আসামী শেখ রেহানাকে এ মামলায় পলাতক দেখানো হয়েছে।
মামলাটি পরিচালনার জন্য সরকারপক্ষে আইনজীবী নিয়োগের খবর জানিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইং। মঙ্গলবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ সলিসিটর মো. সাদিক গোলাম সারওয়ার সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এ মামলাটি পরিচালনার জন্য রাষ্ট্রপক্ষে প্রধান বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসাবে অ্যাডভোকেট এবিএম শরফুদ্দিন আহমেদ খান মুকুলকে নিয়োগ দেয়া হয়েছে।
একই সঙ্গে মুকুলকে সহায়তা করার জন্য অ্যাডভোকেট সৈয়দ শামীম আহসান হাবীব শামীম, গোলাম কিবরিয়া, মো. বোরহান উদ্দিন ও মো. শহীদুল ইসলাম সরদারকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।
এই মামলার জন্য নিযুক্ত প্রধান বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এবিএম শরফুদ্দিন আহমেদ খান মুকুল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,"নিরাপত্তাজনিত কারণে সংসদ ভবনে স্থাপিত আদালতের এজলাসে শেখ হাসিনার বিচার করা হবে।"
শরফুদ্দিন আহমেদ খান মুকুল বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেল হত্যা মামলার অন্যতম আসামি তাহেরউদ্দিন ঠাকুরের আইনজীবী ছিলেন।
১৮ নভেম্বর মামলাটি বিচারের জন্য অতিরিক্ত মুখ্য মহানগর আদালত থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।
২৬ নভেম্বর আইন মন্ত্রণালয়ের সহকারি সচিব মো. আবু বকর ছিদ্দিকীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঢাকার মহানগর দায়রা জজ, ওই ৫ জন বিশেষ পিপি, মহানগর দায়রা আদালতের বর্তমান পিপি ও বাদি আজম জে চৌধুরীকে অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।
১৩ জুন ব্যবসায়ী আজম চৌধুরী আটটি চেকের মাধ্যমে ২ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৫ শ' টাকা চাঁদা নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ফুফাতো ভাই সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম ও শেখ রেহানার বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন।
২০ জুন শেখ সেলিম ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। ২৪ জুলাই মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। ১৬ জুলাই শেখ হাসিনাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জিএনএ/
bdnews24