পাবনা, ২৭ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাবনায় ক্ষুদ্র ঋণের কিস্তি দিতে ব্যর্থ হওয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা 'উদ্দীপন' এর কর্মীরা নাজমা খাতুন নামের এক নারীর থাকার ঘর ভেঙে নিয়েছে ।
সুজানগর উপজেলার উদয়পুর গ্রামে রোববার এ ঘটনা ঘটে। নাজমা এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।
তিনি জানান, চলতি বছরের মে মাসে তিনি 'উদ্দীপন' এর কাছ থেকে ১৩ হাজার টাকা ঋণ নিয়ে স্বামীকে একটি রিকসা ভ্যান কিনে দেন। ৩৫০ টাকা করে ৪৫ কিস্তিতে এই ঋণ পরিশোধ করার কথা ছিল। সুদে আসলে এর পরিমাণ দাঁড়ায় ১৫ হাজার ৭৫০ টাকা।
নাজমা এরই মধ্যে ২০ কিস্তিতে সাত হাজার টাকা দিয়েছেন। কিন্তু মাসখানেক আগে স্বামী আলম রিকসাটি বিক্রি করে ঢাকায় চলে যাওয়ায় তিনি এক মাস কিস্তি দিতে পারেননি।
এ কারণে রোববার উদ্দীপন কর্মীরা তার থাকার একমাত্র ছাপড়া ঘরটি ভেঙে নিয়ে যায়।
এ ব্যাপারে 'উদ্দীপন' এর সুজানগর শাখার ব্যবস্থাপক মুজিবুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক মাসের ঋণের কিস্তি দিতে ব্যর্থ হওয়ায় নাজমা খাতুনের সম্মতিতেই ঘরটি ভেঙে নেওয়া হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২২২৩ ঘ.
bdnews24