ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় যমুনা গ্র"পের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলকে জামিন দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি মামলাটির কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, দুর্নীতি দমন কমিশন ও সরকারকে তার কারণ জানানোরও আদেশ দিয়েছে আদালত।
যুগান্তর পত্রিকার মালিক নুরুল ইসলাম বাবুলের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
রিট আবেদনে বলা হয়, গত ১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন বাবুলকে তার সম্পদের হিসাব বিবরনী দেওয়ার জন্য নোটিশ দিয়েছিল। এই নোটিশ অনুযায়ী তিনি দুদকে সম্পদের হিসাব বিবরনী জমা দেন। গত ১৯ আগস্ট দুর্নীতি দমন কমিশন বাবুলের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রমনা থানায় মামলা দায়ের করে।
এই নোটিশ ও মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বাবুলের আবেদনের ওপর শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট আহসানুল করিম।
অ্যাডভোকেট আহসানুল করিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "নুরুল ইসলাম বাবুল এই নিয়ে সবকটি মামলায় জামিন পেলেন। তার এখন কারামুক্তিতে কোন বাধা নেই।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/২২২০ ঘ.
bdnews24