ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- র্যাব সদস্যরা মঙ্গলবার বিকালে রাজধানীর পুরানা পল্টনের একটি বাসায় অভিযান চালিয়ে ১২ হাজার পর্নো সিডি উদ্ধার করেছে। বাসা থেকে গ্রেপ্তার করা হয়ছে দুইজনকে।
র্যাব-১০ এর সদস্যরা এ ছাড়াও একই দিন বিকেলে কোতোয়ালি এলাকা থেকে বিপুল পরিমাণ কথিত যৌন উত্তেজক বড়ি এবং বেশ কিছু প্যাথিড্রিন ইজেকশন ও আমদানি নিষিদ্ধ ওষুধ উদ্ধার করে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১০ এর অধিনায়ক লে. কর্নেল মো. মানিকুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৪টার দিকে পুরানা পল্টনের একটি ভবনের ৪ তলার একটি কক্ষ থেকে এসব সিডি উদ্ধার করা হয়। এসব সিডি সচল।
তিনি জানান, ওই কক্ষেই সিডি রাইট করা হতো, কাগজে নগ্ন ছবি প্রিন্ট করে প্যাকেট করা হতো এবং এখান থেকেই বাজারজাত করা হতো।
এই ঘটনায় গ্রেপ্তারকৃতরা হচ্ছে, মো. জনি ও নূর মোহাম্মদ। কর্নেল মো. মানিকুর রহমান জানান গ্রেপ্তারকৃতরা এসব পর্নো সিডি রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করতো বলে জানিয়েছে।
সিডি ছাড়াও সেখান থেকে ৩টি কম্পিউটার, ১৬টি নগ্ন ছবির প্লেট-নেগিটিভ, ২৭০টি খালি সিডি বাক্সো উদ্ধার করা হয়।
র্যাব-১০'এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাদের পৃথক একটি দল কোতয়ালি এলাকা থেকে সেনাগ্রা, ইডেগ্রা, টাইগার, হটেরা, ডোজ নামে যৌন উত্তেজক বড়ি এবং বেশ কিছু প্যাথিড্রিন ইজেকশন ও আমদানি নিষিদ্ধ ওষুধ উদ্ধার করেছে। এসবের বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অভিযানকালে গ্রেপ্তার হয়েছে আক্তার হোসেন, আব্দুল লতিফ, রুমান হোসেন ও সিরাজুল ইসলাম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এলএইচ/এমএইচবি/২২০০ ঘ.
bdnews24