২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল থেকে খোয়া গেল লাশের চোখ

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘর থেকে একটি মৃতদেহের দুটি চোখ চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 04:02 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

সিলেট, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘর থেকে একটি মৃতদেহের দুটি চোখ চুরি হয়েছে। মৃতের আত্মীয় আব্দুল আহাদ জানান, জকিগঞ্জ উপজেলার হাসিটুলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে হাসনুর আহমদ (২২) সোমবার গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। ওইদিন সকাল ১১টায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর পৌনে একটায় হাসনুর মারা গেলে ময়না তদন্তের জন্য লাশঘরে মৃতদেহটি রাখা হয়। মঙ্গলবার সকালে আত্মীয় স্বজন লাশ নিতে এসে দেখেন এর দুটি চোখ উধাও হয়ে গেছে। আব্দুল আহাদ জানান, ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালে কয়েকজন ডাক্তার লাশ পরীক্ষা করে বিষয়টির সত্যতা পান। পরে হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. আবু আহমদ আদিলুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়। এ ব্যাপারে হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল হামিদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা একটি তদন্ত কমিটি করেছি। তারা তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। এরপর ঘটনাটি সম্পর্কে বিস্তারিত বলা যাবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২১৫৩ ঘ.