২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গত এলাকায় ঋণের কিস্তির জন্য চাপ না দেওয়ার নির্দেশ

ঘুর্ণিঝড় দুর্গত এলাকায় ক্ষুদ্র ঋণগ্রহীতাদের কিস্তির জন্য চাপ না দিতে বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) নির্দেশ দিয়েছে সরকার। এছাড়া ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ ও তাদের পুনর্বাসনের সুবিধার্থে ত্রাণকাজে নিয়োজিত এনজিওগুলোকে স্থানীয় প্রশাসন ও সরকারি কমিটির সঙ্গে সমন্বয় বজায় রাখতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 01:54 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘুর্ণিঝড় দুর্গত এলাকায় ক্ষুদ্র ঋণগ্রহীতাদের কিস্তির জন্য চাপ না দিতে বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) নির্দেশ দিয়েছে সরকার। এছাড়া ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ ও তাদের পুনর্বাসনের সুবিধার্থে ত্রাণকাজে নিয়োজিত এনজিওগুলোকে স্থানীয় প্রশাসন ও সরকারি কমিটির সঙ্গে সমন্বয় বজায় রাখতে বলা হয়েছে। মঙ্গলবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে এনজিও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া সাংবাদিকদের জানান, ঋণের কিস্তি আদায়ে চাপ না দেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তিবি বলেন, বৈঠকে ৩৬ জন এনজিও প্রতিনিধি আশ্বাস দিয়েছেন- দুর্যোগের এ সময়ে ক্ষতিগ্রস্ত এলাকার ঋণগ্রহীতাদের কিস্তি পরিশোধের জন্য চাপ দেওয়া হবে না। ড. আইয়ুব মিয়া জানান, ত্রাণ ও পুনর্বাসন কাজ সমন্বয় করতে সরকার দাতা সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে ছয়টি বিশেষ 'ক্লাস্টার' (দল) গঠন করেছে। খাদ্য, স্বাস্থ্য সেবা, আশ্রয় কেন্দ্র, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা, তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা ও ত্রাণসামগ্রী সরবরাহ-বণ্টনের (লজিস্টিক) কাজে ছয়টি মন্ত্রণালয়ের অধীনে এসব 'ক্লাস্টার' কাজ করবে। বেসরকারি সংস্থার প্রতিনিধিদের এদের সঙ্গে মিলে কাজ করতে হবে। সচিব বলেন, এনজিও প্রতিনিধিদের স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত সরকারি কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করতে বলা হয়েছে। একইসঙ্গে তাদের কর্ম পরিকল্পনার বিষয়েও আগেভাগেই মন্ত্রণালয় বা সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানকে অবহিত করতে হবে। এর আগে সোমবার প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ তৎপরতায় নিয়োজিত বিভিন্ন এনজিওকে যথাযথভাবে ত্রাণ বিতরণ ও পুনরাবৃত্তি এড়াতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রাখার জন্য আহ্বান জানান। ঘূর্ণিঝড়ের ক্ষতি পুষিয়ে নিতে সরকার দাতাদের কাছে পাঁচ লাখ মেট্রিক টন খাদ্যশস্য চেয়েছে বলে সচিব জানান। সচিব আরো জানান, ঘুর্ণিঝড় সিডরের আঘাতে নিহতের সংখ্যা মঙ্গলবার পর্যন্ত তিন হাজার ২৪৬ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে শুধু বরগুনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৭০ জনে। সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল তিন হাজার ২৪৩ জন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএসবি/এসকে/১৯৩৯ঘ.