২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানা ইজারা দেয়ার প্রতিবাদে পাটকল শ্রমিকদের প্রতীকী অনশন

বেসরকারি খাতে ইজারা (লিজ) দেয়ার প্রতিবাদ এবং বকেয়া মজুরি পরিশোধের দাবিতে চট্টগ্রামের পাঁচটি পাটকলের শ্রমিকরা মঙ্গলবার প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে। একই দাবিতে বিক্ষোভ হয়েছে সিরাজগঞ্জেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 11:02 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বেসরকারি খাতে ইজারা (লিজ) দেয়ার প্রতিবাদ এবং বকেয়া মজুরি পরিশোধের দাবিতে চট্টগ্রামের পাঁচটি পাটকলের শ্রমিকরা মঙ্গলবার প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে। একই দাবিতে বিক্ষোভ হয়েছে সিরাজগঞ্জেও। চট্টগ্রামের পাটকল সিবিএ এর আঞ্চলিক সমন্বয়কারী তোফাজ্জল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামের লে অফকৃত পাঁচটি মিল বেসরকারি খাতে লিজ দেয়ার প্রতিবাদে শ্রমিকরা এ কর্মসূচি পালন করছে। একই সঙ্গে শ্রমিকরা অবিলম্বে সকল বকেয়া পাওনা, সকল মিলের শ্রমিকদের বকেয়া মজুরী পরিশোধের দাবিও রয়েছে। হাফিজ জুট মিল, আমিন জুট মিল, ঢাকা কার্পেট, বাগদাদ কার্পেট মিল এবং এম এম জুট মিলের গেটের সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা দুই ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালন করে। বুধবারও একই কর্মসূচি পালন করা হবে বলে শ্রমিকরা জানায়। অনশন কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য পাওনা ও বকেয়া পরিশোধ না করে মিল লিজ দেয়ার সিদ্ধান্ত আত্মঘাতী বলে উল্লেখ করেন। এ সিদ্ধান্ত বাতিল না করলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা। শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন জানান, প্রতিটি পাটকলেই যে সব শ্রমিক অবসরে বা স্বেচ্ছা অবসরে গেছেন এক থেকে তিন বছর পার হয়ে গেলেও তাদের বকেয়া এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি। পাটকলগুলোর কর্তৃপক্ষও তাদের বকেয়া পরিশোধে উদ্যোগ নিচ্ছে না। এর পাশাপাশি বর্তমানে কর্মরত শ্রমিকদের সাপ্তাহিক মজুরিও বকেয়া রয়েছে। শ্রমিকদের বকেয়ার বিষয়টি স্বীকার করে বিজেএমসি চট্টগ্রামের লিয়াজোঁ অফিসার ফেরদৌসুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকরা নিয়মতান্ত্রিক আন্দোলন করলেও চালু মিলগুলোতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়নি। সকাল ১১টার পর উৎপাদন পুরোপুরি স্বাভাবিক হয়। তিনি জানান, চট্টগ্রামের আটটি পাটকলের মধ্যে পাঁচটি লিজ দেয়ার প্রক্রিয়া ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার দরপত্র জমা দেয়ার শেষ দিন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, কারখানা ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাষ্ট্রায়াত্ত কওমী জুট মিলের শ্রমিকরা মঙ্গলবার দুই ঘণ্টা প্রতীকী অনশন কর্মসূচি পালন করে। সকাল সাড়ে ১০টায় মিল গেটে কর্মসূচি শুরু করে শ্রমিকরা। ওই সময় সমাবেশে শ্রমিক নেতারা বলেন, কারখানা ইজারা দেয়ার ওই সিদ্ধান্ত অগণতান্ত্রিক ও অমানবিক। সমাবেশে বক্তারা শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধসহ তাদের সাত দফা দাবির কথা তুলে ধরে। শ্রমিক নেতা আব্দুল খালেকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মো. ইসমাইল হোসেন, নাজমুল হোসাইন মুকুল, গাজী শাহ জামাল প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএ/এমআই/১৬৫৬ ঘ.