কক্সবাজার, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ায় অবৈধভাবে যাওয়ার পথে সাগরে ডুবে যাওয়া ট্রলারের আরো এক আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে।
এ নিয়ে উদ্ধার করা লাশের সংখ্যা ছয়-এ দাঁড়িয়েছে। এদিকে প্রতারণার মাধ্যমে মানব পাচারের ওই ঘটনায় সোমবার রাতে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে এক জন মিয়ানমারের নাগরিক।
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে শনিবার রাতে টেকনাফের শাহপরীর দ্বীপের কার্গো ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে করে অর্ধশতাধিক যুবককে মালয়েশিয়া পাচার করা হচ্ছিল বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। ট্রলারডুবির ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তি সোমবার হত্যা ও প্রতারণার অভিযোগে একটি মামলা করে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, মঙ্গলবার ভোররাতে সেন্টমার্টিন উপকূলে হোটেল প্রিন্সের কাছে একটি গলিত লাশ ভেসে ওঠে। এনিয়ে ছয় জনের লাশ উদ্ধার করা হলো।
ট্রলারডুবির ঘটনায় জামাল উদ্দিন (২৫) ও সোনা মিয়া (৪২) নামে দুই ব্যক্তিকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান।
সোনা মিয়া শাহপরীর দ্বীপের ঘোনার পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে। জামাল উদ্দিন মিয়ানমারের নাগরিক হলেও দীর্ঘদিন ধরে টেকনাফের শাহপরীর দ্বীপে অবস্থান করছিলো।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১১ ঘ.
bdnews24