ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের দুর্নীতি মামলা স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
সুপ্রিম কোর্টের এই আদেশের ফলে মওদুদ আহমেদের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলাটির কার্যক্রম চলতে বাধা রইল না।
২৯ অক্টোবর হাইকোর্ট মওদুদ আহমেদের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলাটির কার্যক্রম স্থগিত করে দিয়েছিল।
১৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপসহকারি পরিচালক শরিফুল হক সিদ্দিকী গুলশান থানায় মওদুদ আহমেদের বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, মওদুদ আহমেদ তার সম্পদের হিসাব বিবরণীতে ৪ কোটি ৪৮ লাখ ৩৭ হাজার ৩শ ৭৫ টাকার তথ্য গোপন করেছেন এবং ৭ কোটি ৩৮ লক্ষ ৬৪ হাজার ২শ ৮৭ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জন করেছেন।
৩ জুলাই দুদক মওদুদ আহমেদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয়। এর পরিপ্রেক্ষিতে মওদুদ আহমেদ কারা কর্তৃপক্ষের মাধ্যমে ২৩ জুলাই ১৬ কোটি ৪০ লক্ষ ৫৬ হাজার ৬শ ২৪ টাকার সম্পত্তির হিসাব বিবরণী দুদকে জমা দেন।
১৩ এপ্রিল মওদুদ আহমেদকে তার বাসা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৪২০ ঘ.
bdnews24