২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির দায়ে সাবেক এআইজিপির ৬ বছরের কারাদণ্ড

কর ফাঁকির দায়ে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) শহিদুল্লাহ খানকে ৬ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে তাকে ৭ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর তিন মাস কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 06:25 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--কর ফাঁকির দায়ে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) শহিদুল্লাহ খানকে ৬ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে তাকে ৭ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর তিন মাস কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন এ রায় দেন। শহিদুল্লাহ বর্তমানে পলাতক রয়েছেন। আসামির আত্মসর্মপণ অথবা আটকের দিন থেকে এ সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। একই আদালত গত ১৯ নভেম্বর কর ফাঁকির দায়ে শহিদুল্লাহর স্ত্রী মাসুদা শহিদকে ৬ বছরের কারাদণ্ড দেয়। পৃথক দুটি ধারায় দেয়া সাজার মধ্যে সম্পত্তি গোপনের দায়ে শহিদুল্লাহকে পাঁচ বছরের কারাদন্ড, পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া সম্পত্তির মিথ্যা তথ্য দেয়ায় এক বছরের কারাদন্ড, দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে। তবে সাজা একই সঙ্গে কার্যকর হওয়ায় তাকে ৫ বছর কারাভোগ করতে হবে। আয়কর বিবরণীতে সম্পত্তির তথ্য গোপন ও মিথ্যা তথ্য দিয়ে কর ফাঁকির অভিযোগে গত ১৩ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সহকারি কর কমিশনার নাহিদ নওশাদ মুকুল শহিদুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, আসামি ২০০০-'০১ কর বর্ষ থেকে ২০০৬-'০৭ কর বর্ষ পর্যন্ত ৭৬ লাখ ৫৩ হাজার ২০ টাকার সম্পত্তির তথ্য গোপন ও মিথ্যা তথ্য দিয়ে এর ওপর প্রযোজ্য ১৬ লাখ ৫৪ হাজার ৮'শ ৩২ টাকা কর ফাঁকি দিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এসকে/১২২০ঘ.