২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় দক্ষিণ এশীয় আঞ্চলিক মান নিয়ন্ত্রণ সংস্থা হচ্ছে

রপ্তানি পণ্যের মান নিশ্চিত করতে দক্ষিণ এশীয় আঞ্চলিক মান নিয়ন্ত্রণ সংস্থা (সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ড অরগানাইজেশন) গঠন করা হবে। রোববার সার্ক অর্থনৈতিক সহযোগিতা কমিটির বৈঠকে সদস্য দেশগুলোর বাণিজ্য সচিবরা এ ব্যাপারে সম্মতি দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 08:06 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রপ্তানি পণ্যের মান নিশ্চিত করতে দক্ষিণ এশীয় আঞ্চলিক মান নিয়ন্ত্রণ সংস্থা (সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ড অরগানাইজেশন) গঠন করা হবে। রোববার সার্ক অর্থনৈতিক সহযোগিতা কমিটির বৈঠকে সদস্য দেশগুলোর বাণিজ্য সচিবরা এ ব্যাপারে সম্মতি দেন। ঢাকায় নতুন এ সংস্থার কার্যালয় করা হবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইন্সটিটিউটে (বিএসটিআই)। রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত সার্ক অর্থনৈতিক সহযোগিতা কমিটির (সিইসি) দুদিনব্যাপী বৈঠকের শেষ দিন বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ সাংবাদিকদের বলেন, "আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে পণ্যের মানের নিশ্চয়তা একটি বড় সমস্যা।" তিনি জানান, সার্কভুক্ত দেশগুলোর পণ্য একই মান ও নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের সংস্থা গঠনের ব্যাপারে প্রতিনিধিরা সম্মত হয়েছেন। বৈঠকে শুল্ক বাধা (প্যারা-ট্যারিফ, নন-ট্যারিফ), সাফটা সার্টিফিকেটস অফ অরিজিন, স্পর্শকাতর পণ্যের তালিকা কাটছাঁট করা ও সেবা খাতের বাণিজ্যের ব্যাপারে আলোচনা হয়েছে। এছাড়া সার্ক বাণিজ্য মেলা ও বিভিন্ন ক্ষেত্রে পরিসংখ্যান দেওয়া-নেওয়াসহ বিভিন্ন বিষয়েও আলোচনা করা হয়েছে। সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ড অরগানাইজেশন (সারসো) গঠন প্রসঙ্গে ফিরোজ আহমেদ বলেন, "বাংলাদেশই এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তুলে ধরেছে। কারণ পণ্যের মান নিয়ে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়ি আমরাই।" সিইসির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ জানান, শুল্ক বাধা দূর করার বিষয়টি চূড়ান্ত হবে এ সংক্রান্ত সার্ক উপকমিটির তৃতীয় বৈঠকে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে এ বৈঠক হবে জানুয়ারিতে। আগামী বছর প্রথম তিন মাসের যে কোন এক সময় ভারতে সাফটার মন্ত্রী পর্যায়ের নির্ধারিত বৈঠকে শুল্ক বাধা দূর করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তিনি আরও জানান, এ অঞ্চলের স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থে স্পর্শকাতর পণ্যের তালিকা কাটছাঁট করার ব্যাপারেও প্রতিনিধিরা সম্মত হয়েছেন। ভারত স্পর্শকাতর তালিকাভুক্ত তার পণ্য ছাড়া অন্য পণ্যের ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলোকে শুল্কমুক্ত সুবিধা দিতে যাচ্ছে। বৈঠকে সার্ক আঞ্চলে ভিসা ছাড়া ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণকারীর সংখ্যা ২০ থেকে বাড়িয়ে ১০০ জন করা হয়েছে। তারা শুধু একটি 'স্টিকার' ব্যবহার করে সার্কভুক্ত দেশগুলো ভ্রমণ করতে পারবেন। প্রাথমিকভাবে শীর্ষস্থানীয় ব্যবসায়ীরাই এ সুবিধা পাবেন বলে ফিরোজ আহমেদ জানিয়েছেন। তিন বছর পর অনুষ্ঠিত সিইসির ১৩তম এ বৈঠকে বিশ্ব বাণিজ্য সংস্থার আলোচনায় সার্ক দেশগুলোর একটি অভিন্ন অবস্থান নেওয়ার বিষয়েও কথা বলেছেন প্রতিনিধিরা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/এমএসবি/এমএইচবি/০১৫০ ঘ.