ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুযেন্টিফোর ডটকম)-- ডাকাতি করে পালিয়ে যাবার সময় তাদের ছোড়া গুলিতে রাজধানীর মিরপুরে মোহম্মদ আলী (৪০) নামে একজন পথচারী নিহত হয়েছেন।
এ ঘটনায় মনির হোসেন (৩৫) নামে আরও একজন নিহত হয়েছেন। তবে তিনি কিভাবে মারা গেছেন তা পরিস্কার হয়নি।
পুলিশ ও জনগণের ধাওয়া খেয়ে পালানোর সময় মন্টু হাওলাদার নামে এক ডাকাতকে জনগণ আটক করে গণপিটুনি দেয়। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিরপুর শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতদলের এলোপাথাড়ি গুলিতে মোহম্মদ আলী ঘটনাস্থলেই নিহত হন তবে মনির হোসেন কিভাবে মারা গেছেন তা বলা যাচ্ছেনা। তার পাজরের হাড় ভাঙ্গা দেখে ধারনা করা হচ্ছে ছাদ থেকে পড়ে তিনি মারা যেতে পারেন।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, সকালে ১৫/১৬ জনের ডাকাতদল মিরপুরের ১ নম্বর সেকশনের ডি ব্লকে ব্যবসায়ী জামাল শিকদারের বাসায় জানালার গ্রীল কেটে ঢোকে। তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ৩৫ ভরি স্বর্ণ ও আড়াই লাখ টাকা লুট করে।
পালিয়ে যাওয়ার সময় ডাকাতের গুলিতে পথচারী মোহম্মদ আলী নিহত হন।
বিডিনিউজ টুযেন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/জিএনএ/১৩৪৫ ঘ.
bdnews24