ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে রাজধানীর সূত্রাপুরে রাধা গোবিন্দ জিও ঠাকুর মন্দিরে শুক্রবার বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রার্থনা সভায় ঘূর্ণিঝড়ে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়। একই সঙ্গে দলমত নির্বিশেষে সকল মানুষকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক নকুল সাহা, অধ্যাপক বলরাম গোপ, অ্যাডভোকেট সুশান্ত বসু, নিতাই চন্দ্র ঘোষ, অরুন সরকার রানা, সুধীর কুমার হাজরা, রিতা রানী প্রমুখ।
এদিকে নিহতদের স্মরণে সোমবার থেকে পোস্তগোলা জাতীয় মহাশ্মশানে ৫ দিনব্যাপী নামযজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছে শ্মশান কমিটি।
ওই অনুষ্ঠানের উদ্বোধন করবেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৯০৫ঘ.
bdnews24