চট্টগ্রাম, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা এলাকায় শুক্রবার সকালে ২৭০ লিটার বাংলা মদসহ একটি অ্যাম্বুল্যান্স আটক করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল পৌনে ৭টার দিকে ছোট কুমিরার মছজিদ্দা এলাকায় ২৭০ লিটার বাংলা মদভর্তি অ্যাম্বুল্যান্সটি আটক করে।
ওই সময় অ্যাম্বুলেন্সে থাকা আবু তাহের (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।
তিনি জানান, এসব মদ খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে আনা হচ্ছিল বলে আবু তাহের জিজ্ঞাসাবাদে পুলিশকে জনিয়েছে।
আবু তাহের খাগড়াছড়ি সদর উপজেলার কালা মিয়ার ছেলে। অ্যাম্বুল্যান্সটি খাগড়াছড়ি হাসপাতাল গেইটের গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টারের বলে পুলিশ কর্মকর্তা আবদুস সালাম জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮১৩ ঘ.
bdnews24