ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকার ধামরাই ও চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়ক দুর্ঘটনায় শুক্রবার দুই জন নিহত হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর মানিকগঞ্জ প্রতিনিধি জানান, ধামরাইয়ের বালিথা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে শুক্রবার ভোর রাতে একটি বাস ও একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে এক জন নিহত ও ৩০ জন আহত হয়।
ধামরাই থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক হালিমা বেগম জানান, নিহতের নাম সেলিম।
হতাহতদের সবাই বাসের যাত্রী বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
আমাদের চট্টগ্রাম অফিস জানায়, সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় বীরেন্দ্র কুমার নাথ(৫২) নামে এক ব্যক্তি মারা যান।
মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক হারাধন দাশ জানান, সকাল ৬টায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বাঁশবাড়িয়া বাজারে যাত্রীবাহী একটি ম্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই বীরেন্দ্র কুমার নাথ মারা যান।
বীরেন্দ্র কুমার সীতাকুণ্ড উপজেলার উত্তর বাঁশবাড়িয়ার বাসিন্দা বলে পুলিশ কর্মকর্তা হারাধন জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৭৫৩ ঘ.
bdnews24