ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় দুর্গতদের সাহায্য করতে পাঠানো যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর দুটি জাহাজকে ফিরিয়ে নেওয়ার দাবিতে হিযবুত তাহরীরের কর্মীরা শুক্রবার জুম্মার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ প্রদর্শন করে।
হিযবুত তাহরীরের শতাধিক কর্মী যুক্তরাষ্ট্র বিরোধী শ্লোগান দেয়। পরে পুলিশের বাধার মুখে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। সংগঠনটির পল্টনের কার্যালয়ের সামনে থেকে সাদা পোশাকের র্যাব সদস্যরা দলের যুগ্ম সমন্বয়কারী কাজী মোর্শেদুল হক ও কর্মী মোস্তাফিজকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়। (বিস্তারিত)
সংগঠনের প্রচার সম্পাদক মুস্তফা মিরহাজ তাদের দুই নেতাকে র্যাব আটক করে নিয়ে গেছে বলে দাবি করে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,'' আমরা জানি না তাদের কোথায় নিয়ে গেছে। র্যাব-৩ তাদের অজ্ঞাত স্থানে নিয়ে গেছে, কেউই স্বীকার করছে না। আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই।''
বিক্ষোভকারীরা বুশ প্রশাসনের বিরুদ্ধেও শ্লোগান দেয়।
এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের যুগ্ম সমন্বয়কারী কাজী মোর্শেদুল হক যুক্তরাষ্ট্রের রণতরী বাংলাদেশের জলসীমায় প্রবেশের অনুমতি না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, "আমরা যুদ্ধবাজ যুক্তরাষ্ট্রকে প্রবেশের অনুমতি দিচ্ছি, এটা মুসলমানদের জন্য লজ্জাজনক।"
তিনি বলেন, "যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলনের জন্য কী এটা সঠিক সময় নয়? তারা এসে আমাদের মা বোনদের হত্যা না করা পর্যন্ত কি আমরা অপেক্ষা করবো, যেমনটি তারা করেছিল ইরাকে? তারা নিজেদের স্বার্থে এখানে এসেছে। এটা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি।"
বিক্ষোভ দমনে নেতৃত্বদানকারী পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর জানান, সহিংসতা রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ছিল।
হিযবুত তাহরীরের দুই সদস্যকে আটক সর্ম্পকে বিডিনিউজের পক্ষ থেকে জানতে চাইলে র্যাব-৩ এর অধিনায়ক উইং কমান্ডার সুলতান মো. নুরানী কোনো কিছু বলতে অপরাগতা প্রকাশ করেন। তিনি জানান, সেখানে একটি সংগঠনের কর্মসূচি ছিল।
ত্রাণ তৎপরতায় সাহায্য করতে যুক্তরাষ্ট্রের জাহাজ ইউএসএস এসেক্স ও ইউএসএস কেয়ারসার্জ বাংলাদেশে আসছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেআর/টিএইচ/এএনএস/এসএম/জিএনএ/১৭০০ ঘ.
bdnews24