জামালপুর, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পুনর্মিলনী অনুষ্ঠান বন্ধ করে দেয়ায় জামালপুরের মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের উদ্যোগে শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেয়া হয়। কিন্তু ২০ নভেম্বর জেলা প্রশাসক আব্দুল হক এক চিঠির মাধ্যমে ওই অনুষ্ঠান না করার নির্দেশ দেয়।
জেলা প্রশাসনের ওই সিদ্ধান্তে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, পুনর্মিলনী আয়োজন করার সময় জেলা প্রশাসককে জানানো হয়েছিল। তিনি তখন মৌখিক সম্মতিও দিয়েছিলেন। কিন্তু পরবর্তী এ সিদ্ধান্ত আমাদের আশাহত করেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানের সব প্রস্তুতি নেয়া হয়েছিল। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কেএম শফিউল্লাহ বীরউত্তম, আবু ওসমান চৌধুরীর ওই অনুষ্ঠানে থাকার কথা ছিল।
সংগ্রাম পরিষদের সভাপতি শফিকুল ইসলাম খোকা ক্ষোভ প্রকাশ করে বলেন, সারাদেশ যখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার হচ্ছে, তখন মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান বন্ধের নির্দেশে কার্যত রাজাকারদের স্বার্থই রক্ষা করা হচ্ছে।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক আব্দুল হক সাংবাদিকদের জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়া হয়নি। একইসঙ্গে দেশে জরুরি অবস্থা জারির থাকার বিষয়টিও উল্লেখ করেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩২ ঘ.
bdnews24