ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- হজ ফ্লাইট শুরু হওয়ার নয় দিন পর মঙ্গলবার থেকে বেসরকারি হজ যাত্রীদের ফ্লাইট শুরু হয়েছে। এর আগে প্রায় ৩৮ হাজার বেসরকারি হজ যাত্রীর জেদ্দা যাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।
বিমানের একজন শীর্ষ কর্মকর্তা বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সময় মতো জেদ্দায় বাড়ি ভাড়া না করায় সৌদি সরকার বেসরকারি হজ যাত্রীদের ভিসা দিতে বিলম্ব করে। এ জন্য বেসরকারি হজ যাত্রীদের জেদ্দা যাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
তবে এ অভিযোগ অস্বীকার করে হাবের সভাপতি মোহাম্মাদ ফারুক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সময় মতোই বেসরকারি হাজীদের জন্য বাড়ি ভাড়া নিয়েছি। সৌদি সরকার তাদের ভিসাও দিয়েছে। তাই বেসরকারি হজ যাত্রীদের নিয়ে শেষ পর্যন্ত কোনো অনিশ্চয়তা থাকছে না।"
গত ১২ নভেম্বর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করেন।
বিমানের তথ্য কেন্দ্র জানিয়েছে, চলতি বছর ভাড়া করা একটি বোয়িং ৭৪৭ ও নিজস্ব দুটি ডিসি- ১০ উড়োজাহাজ দিয়ে বিমান কর্তৃপক্ষ হজ ফ্লাইট চালাচ্ছে।
হজ -পূর্ব ও ফিরতি ফ্লাইটসহ এবার বিমান মোট ১৭০ টি ফ্লাইট চালাবে। ১২ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৮৫ টি হজ -পূর্ব ফ্লাইট পরিচালনা করা হবে। ২৩ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে সমসংখ্যক ফিরতি হজ ফ্লাইট।
এ বছর সরকারি ব্যবস্থাপনায় মোট ৫ হাজার ৫৮৩ জন যাত্রী হজ পালন করছেন। অধিকাংশ হজযাত্রী বেসরকারি ব্যবস্থাপনায় বিমানে ভ্রমণ করছেন। এছাড়া সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স প্রায় ১০ হাজার হজ যাত্রী পরিবহন করছে।
এবার জনপ্রতি হজযাত্রীর ভাড়া এক হাজার ২৫০ ডলার নির্ধারণ করা হয়েছিল। সৌদিয়াও বিমানের সমানই যাত্রী প্রতি ভাড়া নিচ্ছে।
হজ ক্যাম্পে প্রায় ৬০০ জন হজযাত্রীর দেখভাল করছে ধর্ম মন্ত্রণালয় ও বিমান কর্তৃপক্ষ। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তাদের সেবা দিচ্ছে বয় স্কাউটের সদস্যরা। এছাড়া, গ্রামীণফোনের উদ্যোগে খোলা হয়েছে স্বাস্থ্যকেন্দ্র। নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে র্যাব, পুলিশ ও আনসার সদস্য।
বিমান কর্মকর্তারা জানান, গত বছর তাদের হজ ফ্লাইট ২৬ নভেম্বর শুরু হয়ে ২২ ডিসেম্বর শেষ হয়। ২০০৬ সালে বিমানের মোট ৩২ হাজার ৩৭৪ জন যাত্রী পরিবহন করার কথা থাকলেও শেষ পর্যন্ত ২৪ হাজারের বেশি যাত্রী পাওয়া যায়নি। এ জন্য ১৫ কোটি টাকারও বেশি লোকসান হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/আরএ/এমএ/১৬৩০ঘ.
bdnews24