২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির দায়ে সালাউদ্দিনের ছেলের সাত বছর কারাদণ্ড

কর ফাঁকির মামলায় ঢাকা-৪ আসনের বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদের ছোট ছেলে তানভীর আহম্মেদকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে ৮ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দেড় বছরের কারাদণ্ড দেয়া হয়। বুধবার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 07:10 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির মামলায় ঢাকা-৪ আসনের বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদের ছোট ছেলে তানভীর আহম্মেদকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে ৮ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দেড় বছরের কারাদণ্ড দেয়া হয়। বুধবার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন এ রায় দেন। তানভীর আহম্মেদ বর্তমানে পলাতক। তার আটকের দিন থেকে সাজা কার্যকর হবে। পৃথক তিন ধারার এই রায়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করায় এক বছরের জেল, এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সম্পত্তির তথ্য গোপন করায় পাঁচ বছরের জেল, পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া সম্পত্তির মিথ্যা তথ্য দেয়ায় এক বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। তবে সাজা একইসঙ্গে কার্যকর হওয়ায় তাকে পাঁচ বছরের কারাভোগ করতে হবে। ৮ নভেম্বর যুক্তিতর্কের পর রায় দেওয়ার জন্য ১৮ নভেম্বর ধার্য করা হয়েছিল। কিন্তু ওইদিন বিচারকের 'কাজের চাপ থাকায়' রায় দেওয়া সম্ভব হয়নি বলে জানানো হয়। ১ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারি কর কমিশনার মো. মনিরুজ্জামান আয়কর রির্টার্ন দাখিল না করা ও আয় গোপনের অভিযোগ এনে তানভীরের বিরুদ্ধে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত ওই দিনই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলার আরজিতে বলা হয়, অভিযুক্ত তানভীর গত দুই করবর্ষে তার আয়কর রিটার্নে মোট ৩০ লাখ ২ হাজার ৪১১ টাকার আয় গোপন করেছেন এবং ২০০৬-২০০৭ করবর্ষে কোন রির্টার্ন দাখিল করেননি। চলতি মাসের ৫ তারিখে কর ফাঁকির দায়ে পৃথক দুটি মামলায় তানভির আহম্মেদের মা মোসাম্মৎ সামসুন্নাহার ও ভাই ইমরান আহম্মেদকে ৮ বছর করে কারাদণ্ড দেয় আদালত। তারাও পলাতক রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জিএনএ/১৩০০ ঘ.