ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বুধবার ২১ নভেম্বর ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস পালন করছে সরকার।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলার সময় এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনী। সেদিন সশস্ত্র বাহিনী জনগণের সঙ্গে একাত্ম হয়ে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে।
প্রতি বছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে উদযাপিত হয়। দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তার বাণীতে বলেছেন, "বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতীয় জীবনে আমাদের গর্বের প্রতীক। মহান স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও বীরত্বগাথা জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে।"
তিনি বলেন,"দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব পালনের পাশাপাশি দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ দুর্যোগ মোকাবেলা এবং জাতিগঠনমূলক কর্মকান্ডে সশস্ত্রবাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্বপালন করে সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘ ও বহিঃবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।"
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ তার বাণীতে বলেন, "সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষার অতন্দ্র প্রহরী। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবেলা এবং জাতিগঠনমূলক কর্মকান্ডে তারা বেসামরিক প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করছে। বিশেষ করে, দেশের বর্তমান প্রেক্ষাপটে গুরুতর অপরাধ দমন, সন্ত্রাস ও দুর্নীতি রোধ এবং বর্ন্যাতদের ত্রাণ ও পুর্নবাসনে সশস্ত্র বাহিনী বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করে সরকারকে তাৎপর্যপূর্ণ সহযোগিতা দিয়ে আসছে।"
দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটির মসজিদগুলোতে দেশের কল্যাণ, সমৃদ্ধি ও সশস্ত্র বাহিনীর আরো উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সকালে সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি।
সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এসএম জিয়াউর রহমান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।
তারা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতেও মিলিত হন। এ উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএ/জিএনএ/১১১১ ঘ.
bdnews24