ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির তুলনায় এবার সম্পদহানি হয়েছে বেশি। মঙ্গলবার সশস্ত্র বাহিনী বিভাগের সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।
সশস্ত্র বাহিনী বিভাগ জানায়, ঘূর্ণিঝড় সিডরের আঘাতে আট লাখ ৭১ হাজার ৭৬৬ একর জমির ফসল ও সুন্দরবনের ৩ লাখ ৮৪ হাজার ৭৬টি গাছপালা বিনষ্ট হয়েছে। ১৯৯১ সালে নষ্ট হয়েছিল তিন লাখ ৫০ হাজার একর জমির ফসল।
এবার ১৫ হাজার কিলোমিটার রাস্তা ও ৫৭ কিলোমিটার বাধ নষ্ট হয়েছে।
সেনা সদরে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে জেনারেল স্টাফ অফিসার মেজর জেএম ইমদাদুল ইসলাম জানান, ঘূর্ণিঝড়ের চারদিন পর মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত মোট ৩১৫৩ জনের মৃত্যুর খবর তালিকাভূক্ত করেছে সশস্ত্র বাহিনী বিভাগের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা।
সোমবার বিকেল পর্যন্ত এ সংখ্যা ছিল ৩১১৩ জন। এখনও নিখোঁজ রয়েছে ১০৬৩ জন মানুষ।
মেজর ইমদাদুল বলেন, ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ে নিহত হয়েছিল ১ লাখ ৩৮ হাজার ৮৮২ জন। নিখোঁজ ছিল প্রায় ২০ হাজার মানুষ। এবার মৃতের সংখ্যা কমলেও বেড়েছে সম্পদহানির পরিমাণ।
তিনি জানান, বরিশাল ও মংলায় কেন্দ্র স্থাপন করে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ, চিকিৎসা সেবা দেওয়া ও বিশুদ্ধ পানি সরবরাহের কাজ করছে সেনা সদস্যরা।
সেনাবাহিনী এ পর্যন্ত ১৬৩ মেট্রিক টন খাবার, নগদ এক কোটি ৫২ লাখ ২৮ হাজার টাকা, সাত হাজার ৩২০ টন চাল দিয়েছে।
গৃহ নির্মাণর জন্য এক কোটি ৪৬ লাখ টাকা, ১৩ হাজার বান্ডেল ঢেউটিন দেওয়া হয় বলে জানিয়েছেন মেজর ইমদাদুল ইসলাম।
এ ছাড়া ৭৯৬০টি তাবু, ১৮ হাজার কম্বল ও প্রায় সাড়ে তিন হাজার প্যাকেট হাড়ি-পাতিল বিতরণ করা হয়েছে।
সশস্ত্র বাহিনী বিভাগের আরেকজন জেনারেল স্টাফ অফিসার লে. কর্নেল মাইনুল্লাহ চৌধুরী জানান, মঙ্গলবার সকালে ব্যবসায়ীদের সঙ্গে সেনা কর্মকর্তাদের বৈঠক হয়েছে। ব্যবসায়ীরা সবরকম সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমএসবি/এমএইচবি/২১৫৫ ঘ.
bdnews24