ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল জংশনের কাছে আলাদা দুটি দুর্ঘটনার কারণে মঙ্গলবার ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও নোয়াখালী এবং চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ আট ঘণ্টা বন্ধ ছিল।
আখাউড়া রেলওয়ে জংশনের কেবিন মাস্টার মাহাবুব হোসেন জানান, সোমবার রাত দেড়টার দিকে শশীদল স্টেশনে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের একটি বগী লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শেষ করলে মঙ্গলবার সকাল ৬টা থেকে ট্রেন চলাচল শুরু করে।
মাহাবুব হোসেন জানান, ট্রেন চলাচল শুরুর ৮ ঘণ্টার মধ্যেই দুপুর আড়াইটায় ঢাকাগামী অপর একটি মালবাহী ট্রেনের দুটি বগী লাইনচ্যুত হয় শশীদল ও রাজাপুর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে। আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শেষ করলে বিকেল সাড়ে ৫টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/২০৩৩ ঘ.
bdnews24