ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ঘূর্ণিঝড় সৃষ্ট মহাদুর্যোগে দক্ষিণাঞ্চলের অদম্য সাহসী মানুষদের বাঁচিয়ে রাখতে, নবজীবনের সংগ্রামে তাদের জয়যুক্ত করতে বাংলাদেশের সবাইকে সর্বশক্তি নিয়োগ করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, দেশের দক্ষিণাঞ্চলের এক বিশাল জনগোষ্ঠীর জীবনযাত্রা আজ চরম বিপর্যস্ত। সরকারের সর্বাত্মক পূর্ব প্রস্তুতি সত্ত্বেও প্রলয়ংকরী ঘুর্ণিঝড়ের ধ্বংসলীলায় হাজার হাজার অসহায় মানুষ হতাহত হয়েছে।
"আমরা এখন এক জাতীয় দুর্যোগের সম্মুখীন" এ কথা বলার পর প্রধান উপদেষ্টা যোগ করেন, "আশা করি, দুর্গত ও অসহায় মানুষের সাহায্যে এবং আর্ত-মানবতার সেবায় দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণ এগিয়ে আসবেন।" এই দুর্দিনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তিনি ব্যবসায়ী-সমাজের প্রতি "সংবেদনশীলতা ও সামাজিক দায়বদ্ধতার" পরিচয় দিয়ে দুর্গতদের যথাসাধ্য সাহায্য করার অনুরোধ জানিয়েছেন। (সমন্বিত)
কয়েক মাস আগে পরপর দু'বার বিধ্বংসী বন্যার ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই এই প্রাকৃতিক দুর্যোগ দেশের জনগণ ও অর্থনীতির জন্য চরম দুঃসংবাদ বয়ে এনেছে উল্লেখ করে ফখরুদ্দীন বলেন "নবান্নের শুরুতে কৃষকের ঘরে নতুন ফসলের উৎসব, শান্তি ও স্বস্তির পরিবর্তে আজ শুধু কান্নার রোল, স্বজন-সম্পদ-ফসল হারানোর বেদনা।"
সরকার দুর্গত এলাকায় ত্রাণ পেীঁছানো ও বিতরণসহ প্রাথমিক পুনর্বাসন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি কার্যকর ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলেছে উল্লেখ করে তিনি বলেন, "দুর্গতদের জন্য যে কোনো সাহায্য সরকারের মাধ্যমে দেওয়া হলে অধিক ফলপ্রসূ হবে।" তিনি বলেন, "আমরা নিজস্ব সম্পদ দিয়ে বর্তমান পরিস্থিতি যথাসাধ্য মোকাবেলা করছি। তবে আমাদের সম্পদের সীমাবদ্ধতা থাকায় বন্ধু রাষ্ট্র, উন্নয়ন সহযোগী ও অন্যদের সহায়তাকেও আমরা স্বাগত জানাব।"
দেশে দুর্যোগ পরিস্থিতির কারণে আগামী ২৩ থেকে ২৫ নভেম্বর উগাণ্ডায় অনুষ্ঠেয় কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যাওয়া বাতিল করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, "দেশের বর্তমান বিপর্যয়ের প্রেক্ষাপটে অল্প সময়ের জন্য হলেও আমার দেশত্যাগ করা সমীচীন হবে না বলে আমি মনে করি। তাই আমি সম্মেলনে যোগদান না করার সিদ্ধান্ত নিয়েছি এবং পররাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে সম্মেলন-কর্তৃপক্ষের কাছে আমার অপারগতার কথা জানিয়ে দিয়েছি।"
উপদ্রুত বিস্তীর্ণ অঞ্চল নিজের একাধিকবার সফরের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, "আমি কল্পনাতীত ধবংসলীলা প্রত্যক্ষ করেছি। দেখেছি স্বজনহারা মানুষের হৃদয়বিদারী হাহাকার, শুনেছি সর্বস্ব হারানো সহায়-সম্বলহীন মানুষের আর্তচিৎকার।"
তিনি জানান, আনুমানিক ৪০ লাখ মানুষ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের সংখ্যা কয়েক হাজার। এই সংখ্যা ক্রমেই বাড়ছে। আহতের সংখ্যাও প্রচুর। যারা নিখোঁজ রয়েছেন তাদের সংখ্যা নিরূপণও একটা দুরূহ ব্যাপার। মাঠের ফসল, বিশেষত আমন ধান ও রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। আংশিক বা সম্পূর্ন ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সংখ্যা প্রায় ৯ লক্ষ। অসংখ্য গবাদি-পশু প্রাণ হারিয়েছে। শত শত কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের এক বিশাল অংশ ধ্বংস হয়ে গিয়েছে। বিলীন হয়েছে অসংখ্য গাছ-গাছালি, পশু-পাখি। তাছাড়া দেশের বিভিন্ন স্থানে সড়ক ও টেলি-যোগাযোগ এবং বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায়ও মারাত্মক ধস নেমে আসে।"
প্রধান উপদেষ্টা বলেন, ভয়াবহতার দিক থেকে ঘূর্ণিঝড়টি ১৯৯১ সালের চেয়ে মারাত্মক হলেও সরকারের সতর্কতা ও পূর্ব-প্রস্তুতিমূলক পদক্ষেপের ফলে ক্ষয়-ক্ষতি, বিশেষত প্রাণহানি, তুলনামূলক কম হয়েছে। পনেরটি জেলার ৬ লক্ষাধিক মানুষ উপকূলীয় অঞ্চলের দুই হাজার সাইক্লোন-শেল্টারে আশ্রয় পায়। বেতার-টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস ও সর্বোচ্চ বিপদ সংকেতের কথা বেশ আগে থেকেই প্রচার করা হয়। উদ্ভুত পরিস্থিতি দ্রুততম সময়ে মোকাবেলার লক্ষ্যে ত্রাণসামগ্রী এবং রিলিফ টিমকেও সরকার প্রস্তুত রাখে। প্রস্তুতি পর্যালোচনা করতে ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই আমার সভাপতিত্বে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিষদের সভায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।
"তবে এতে আমাদের আত্মতুষ্টির কোনো অবকাশ নেই" উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন "আগামী দিনগুলোতে এধরণের প্রাকৃতিক দুর্যোগে মানুষের জান-মালের নিরাপত্তা বৃদ্ধি সহ ক্ষয়-ক্ষতির পরিমান কীভাবে আরো কমানো যায় সেই প্রয়াস আমাদের আরও জোরদার করতে হবে।"
প্রধান উপদেষ্টা বলেন, "ঘূর্ণিঝড় আঘাত হানার পরপরই স্থানীয় প্রশাসন, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা এবং সরকারের অন্যান্য সংস্থা উদ্ধার ও ত্রাণকাজে ঝাঁপিয়ে পড়েছে। তাদের সাথে যোগ দিয়েছে বিভিন্ন বেসরকারি ও দাতা সংস্থা এবং এনজিও। এদের সবার কাছে আমরা কৃতজ্ঞ।"
সড়ক ও টেলিযোগাযোগ পুনঃস্থাপন এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতেও ত্বরিত পদক্ষেপ নেয়া হয়েছে। অনেক স্থানেই যোগাযোগ পুনঃস্থাপন করা হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থাও ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে।
তিনি উদ্ধার ও ত্রাণ তৎপরতার বিবরণ দিতে গিয়ে বলেন, বাগেরহাটের দুবলারচর ও হিরণ-পয়েন্ট, বরগুণার জেলার পাথরঘাটা, ঝালকাঠির কাঠালিয়া, পটুয়াখালীর কলাপাড়া, কুয়াকাটা, গলাচিপা ও মির্জাগঞ্জ এবং পিরোজপুরের মঠবাড়িয়া ও ভাণ্ডারিয়ার মতো দুর্গম অঞ্চলে ইতিমধ্যে হেলিকপ্টারযোগে শুকনো খাবার ও অন্যান্য ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর ৩ হাজার সদস্য ছাড়াও বিমান-সেনাসহ বিমানবাহিনীর দু'টি বিমান ও বারোটি হেলিকপ্টার এবং নৌ-সেনাসহ নৌবাহিনী ও কোস্টগার্ডের দশটি জাহাজকেও নামানো হয়েছে।
সরকার প্রধান জানান, জেলা ও উপজেলা পর্যায়ে গৃহ-নির্মাণ অনুদান বাবদ ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে দেওয়া হয়েছে ১৫ কোটি টাকা। তাছাড়া চাহিদা অনুযায়ী প্রাত্যহিক ভিত্তিতে ত্রাণ বাবদ নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী প্রদান করা হচ্ছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জি-আর, চাল, গৃহ-নির্মাণ বরাদ্দ, কম্বল, শুকনো খাবার, তৈজসপত্র, ঢেউটিন ইত্যাদি বিতরণের পদক্ষেপ নিয়েছে। সংশ্লিষ্ট জেলা-প্রশাসকগণ প্রস্তুতিমূলক কার্যক্রম হিসেবে ইতিমধ্যে পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার ক্রয় এবং সংগ্রহ করেছে, যা দিয়ে প্রাথমিকভাবে পরিস্থিতি মোকাবেলা করা হচ্ছে। তাছাড়া, দুর্গত এলাকায় সরকারি মেডিকেল টিম ও সামরিক বাহিনীর চিকিৎসক দল তৎপর রয়েছে।
তিনি বলেন, প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠার পর আমাদেরকে মধ্য ও দীর্ঘ-মেয়াদী পুনর্বাসন এবং দুর্যোগ-প্রস্তুতি কার্যক্রম হাতে নিতে হবে। কৃষি পুনর্বাসন ও ক্ষতিগ্রস্তদের গৃহ-নির্মাণের দিকে এখনই নজর দিতে হবে। তাছাড়া দীর্ঘমেয়াদে উপকূলীয় বাঁধ পুনঃনির্মাণ ও শক্তিশালীকরণ এবং আরো ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিতে হবে।
এই দুর্যোগে দেশে-বিদেশে যারা সহানুভূতি জানিয়েছেন ও সাহায্যের হাত বাড়িয়েছেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাঁদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
বাংলাদেশের মানুষের অগাধ ধৈর্য, অফুরন্ত প্রাণশক্তি ও অপরাজেয় মনোভাবের উদাহরণ টেনে বক্তব্য শেষ করার আগমুহূর্তে ফখরুদ্দীন আহমদ আবৃত্তি করেন সুকান্তের কবিতার কয়েকটি লাইন
bdnews24