২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিডরের সঙ্গে লড়াইয়ে জয়ী বড়বগিয়ার সালেক

অনেক মানুষের প্রাণ কেড়ে নিলেও ঘূর্ণিঝড় সিডরকে কোথাও কোথাও হারিয়ে দিয়েছে উপকূলের সাহসী মানুষরা। এদের একজন বরগুনার তালতলীর উপজেলার বড়বগিয়া ইউনিয়নের সালেক সিকদার (৩৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 04:02 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

তালতলী, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - অনেক মানুষের প্রাণ কেড়ে নিলেও ঘূর্ণিঝড় সিডরকে কোথাও কোথাও হারিয়ে দিয়েছে উপকূলের সাহসী মানুষরা। এদের একজন বরগুনার তালতলীর উপজেলার বড়বগিয়া ইউনিয়নের সালেক সিকদার (৩৫)। বুধবার সন্ধ্যায় সালেক ট্রলারে করে মাছ ধরতে গিয়েছিলেন সাগরে। সঙ্গে ট্রলারের মালিক পনুসহ আরও দুই জেলে। তাদের ট্রলারে রেডিও না থাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত সম্পর্কে কিছুই জানতে পারেননি তারা। সালেক বলেন, "ধাবারের (জলোচ্ছ্বাস) মধ্যেই বুধবার হন্ধ্যায় নদীতে (সাগর) গেছিলাম। ভাবছি তুফান কইম্যা যাইবো। কিন্তু বৃহস্পতিবার বাতাস বাড়তে থাকলে চরে নৌকা ভিড়াই। ওইহানে আমাগো মতন আরও কতগুলা ট্রলার বাঁধা ছিল।" বৃহস্পতিবার সন্ধ্যায় বাতাস আর পানির তোড়ে সালেকসহ অন্যদের ট্রলার ভেসে যেতে শুরু করে। একসময় ট্রলারটি উল্টে গেলে পানিতে পড়ে যান সালেক ও সঙ্গীরা। সালেকের ভাষায়, "দুপুরে আমি আর মালিক ভাত খাইছিলাম বইল্যা গায়ে জোর ছিল। কিন্তু আর দুইজন খায় নাই। তাই দেহি হেরা খালি চুবানি খায়। পিন্দনের গামছা খুইল্যা আমি আর মালিক নৌকায় থাহা পাশের লগির দুই মাতায় দুইডা কন্টেইনার বাঁধলাম। এরপর এইডা ধইর‌্যা ধইরা ভাইস্যা থাকলাম।" সালেক সিকদার ও তার মালিক ট্রলারের আর দুই জেলেকে দীর্ঘক্ষণ ভাসিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু সকাল বেলা ওই দুইজন মারা যান। এরপর তারা নিজেরাই বেঁচে থাকার লড়াইয়ে নামেন। একটানা বিশ ঘণ্টা উত্তাল সাগরে ভেসেছিলেন সালেক ও ট্রলারের মালিক। সালেক সিকদার জানান, "একসময় দেহি মালিকও চুবান খায়। বাঁচনের আশা আমিও ছাইড়া দিছি। তহন দেহি দূরে একটা বোট (ট্রলার) যায়। আমাগো পিন্দনের গেঞ্জি খুইল্যা হাত নাড়াতে থাকলাম। বোট চইল্যা যায়। এমন সময় পিছনের একজন দেহে আমরা ভাইস্যা আছি। তারা তুইল্যা নেয় আমাগো।" এরপর ট্রলারটি সালেক ও তার মালিককে নামিয়ে দেয় উপকূলের কাছে একটি চরে। সেখানকার লোকজন তাদের কিছু পোশাক দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। ঝড়ের বিরুদ্ধে লড়াই করে জিতেছেন সালেক। তবে তুমুল লড়াইয়ে চিহ্ন হিসেবে তার চোখে রক্ত জমে আছে। বুকে প্রচণ্ড ব্যাথা। মানসিক অবসাদও গ্রাস করেছে তাকে। কথা বলার পর চিকিৎসা করানোর উদ্দেশ্যে আত্মীয়স্বজনের সহায়তায় তিনি রওনা হন তালতলী বাজারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/ডিডি/এমএইচবি/২১২৭ ঘ.