ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে গত ১০ বছরে প্রায় ২৩ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে; এর মধ্যে অতিরিক্ত কারিগরী ও বিতরণে অনিয়মের ফলে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১৮ হাজার ৯৩০ কোটি টাকা। এ ছাড়া এই সময়ে ছয়টি বিদ্যুৎ প্লান্ট ক্রয় ও রক্ষণাবেক্ষণ বাবদ বিদেশি কোম্পানি নিয়োগের ক্ষেত্রে চার হাজার ৭ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।
বিদ্যুৎ খাতের উপর পরিচালিত গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সোমবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে "বিদ্যুৎ খাতে সুশাসনের সমস্যা: উত্তরণের উপায়" শীর্ষক ওই আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুজাফ্ফর আহমদ। বিদ্যুৎ খাতের ওপর গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির গবেষণা কর্মকর্তা মো. জাকির হোসেন খান। এতে সঞ্চালকের দায়িত্বে ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
অনুষ্ঠানে বলা হয়, বিদ্যুৎ সংকটের কারণে বছরে উৎপাদন ও যন্ত্রপাতির ক্ষতি হয় প্রায় আট হাজার ৩৫৫ কোটি টাকা। এ ছাড়া গ্যাসভিত্তিক প্লান্ট না থাকায় বছরে ক্ষতি হয় এক হাজার ৮২৪ কোটি টাকা।
গবেষণায় দেখা গেছে, বিগত সরকারগুলো বিদ্যুৎ খাতকে যথাযথ গুরুত্ব ও অগ্রাধিকার দিতে ব্যর্থ হয়েছে। বর্তমানে দেশের মোট জনসংখ্যার মাত্র ৪২ শতাংশ মাথাপিছু গড়ে ১৪০ ইউনিট বিদ্যুৎ ভোগ করছে। যদি এই খাতে বিতরণ বাবদ লোকসান শতকরা ১২ শতাংশ নামিয়ে আনা যায় তবে এক হাজার ৮৫৩ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় করা সম্ভব।
বর্তমানে বিদ্যুৎ খাতে বিল বাবদ গ্রাহকদের কাছ থেকে পিডিবি পাবে চার হাজার ৩৯০ কোটি টাকা, ডেসা ৭৮৮ কোটি, এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) পাবে ৪৬৪ কোটি টাকা।
আলোচনা অনুষ্ঠানে টিআইবির পক্ষ থেকে বিদ্যুৎ আইনের সংষ্কার, মামলার দ্রুত নিষ্পত্তি ও ভিশন-২০২৫ পরিকল্পনা বাস্তবায়নে একটি স্বাধীন কমিশন গঠনেরও সুপারিশ করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এমএ/১৪২০ঘ.
bdnews24