ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- র্যাব সদস্যরা রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে। এরা একটি সংঘবদ্ধ জাল টাকা তৈরি ও সরবরাহ চক্রের সদস্য বলে র্যাবের ধারণা।
র্যাব-১ এর সদস্যরা রোববার সকালে নিউমার্কেট, হাজারীবাগ, ধানমন্ডি ও তেজগাঁও থানা এলাকায় এ অভিযান চালায় বলে এলিট এ বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো মো. ফরহাদ (২৬), মো. পলাশ (২৬), মো. আবুল হাশেম (৩০), আলমগীর হোসেন, জহির বেপারী (২৬), মো. আব্দুস সোবহান (২৬) এবং মো. ফারুখ (২৬)। তাদের কাছ থেকে পাঁচশ' টাকার ৭৮ টি এবং একশ' টাকার ১২৩ টি নোটসহ মোট ৫১ হাজার তিনশ' টাকার সমমূল্যের জাল টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন থেকে জাল টাকার ব্যবসার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলো বলে স্বীকার করেছে।
চক্রের অন্য সদস্যদের ধরার জন্য তাদের উত্তরায় র্যাব-১ কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২০৩৭ঘ.
bdnews24