বরগুনা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- লণ্ডভণ্ড দক্ষিণে এখন শুধুই মৃত্যুর খবর। মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে ক্রমেই। কান্নার রোলের ফাঁকে-ফাঁকে কমবেশি একই আহাজারি আর হা-হুতাশ- 'মাইয়াডা কই আরাইয়া (হারাইয়া) গেল খুঁইজ্জা পাইলাম না'। সর্বস্ব খোয়ানো মানুষের মর্মস্পর্শী এক ছবি তুলে ধরেছেন এই মুহূর্তে আক্রান্ত জনপদে থাকা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়রসহ সম্পাদক সঞ্জয় দে।
৪ বছর ৬ মাস বয়সের মিমকে অনেক চেষ্টার পরও কোনো কথা বলানো গেল না। শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা শিশুটিকে ছবি তোলার লোভ দেখিয়েও কাজ হলো না। ছোট্ট মিম জীবনের ভয়ঙ্করতম সময়টা কাটিয়েছে ১৫ নভেম্বর রাতে।
আমতলী পৌরসভার ফেরিঘাট এলাকায় কথা হয় মিমের বাবা মো. ফেরদৌস দফাদারের সঙ্গে। তিনি জানান, ১০/১২টি পরিবারের মতো তারাও বাঁধের ভেতরে একটি একতলা পাকা বাড়িতে গিয়ে ওঠেন। রাত ৮টার দিকে বাতাসের বেগ বাড়তে থাকে। ১০টার দিকে পায়রা নদী ফুলে-ফেঁপে সব ভাসিয়ে নিয়ে যায়।
"আমি আর মিমের মা (হাওয়া বিবি) মিমরে নিয়া দৌড়াইতে থাকি। বান্ধের উপর দিয়া অইন্যের মতো যাওয়ার সময় সুলিজ গেইটের (স্লুইস গেট) ধারে বুক পর্যন্ত ডুইবা যাই। ওইহানের মাটি সোরতের টানে ভাইসা গেছিলো। পরে আমি কোনো মতে উইঠ্ঠা কলেজে চইল্লা যাই। মিম আর তার মা কই ছিলো আমি জানি না", বলেন ফেরদৌস।
পাকা বাড়িটির মালিক জসিমউদ্দিন জানান, মিমের পরিবারসহ আরো অনেকে তাদের বাসায় আশ্রয় নিয়েছিল। বুক সমান পানি হওয়ার পর সবাই যে যার মতো করে ছুটতে থাকে। কিন্তু বাঁধের ধসে পড়া অংশে গিয়ে বাসুকী খালে ভেসে যায় মিম ও তার মা। ভেসে যাওয়া একটি ঘরের চৌকি ধরে মিম ভেসে থাকে। চার ঘণ্টা পর ঝড় থামলে দূরের একটি সেতুর নিচ থেকে মিমকে উদ্ধার করে এলাকাবাসী। সে যে চৌকি ধরে ভেসে ছিল তার নিচেই পাওয়া যায় মা হাওয়া বিবির লাশ। সেই থেকে মিম বাকহারা।
একই রকম অভিজ্ঞতা ওই এলাকার অনেকের। সেখানে মারা যায় ছয় জন। এলাকাবাসীর কাছে তাই বাসুকী খাল এখন অভিশপ্ত।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন বৃদ্ধ জয়নাল গাজীর দুই নাতি তানজিলা (৮) ও জসিমও (১০) মারা যায় ওই রাতে।
কেন বিপদ সংকেত পেয়েও আশ্রয় কেন্দ্রে গেলেন না- এ প্রশ্নে জয়নাল গাজী বলেন, "এমনডা হইবো আগে বুঝি নাই। বাতাস বাড়ছে মতো মোরা ঘর থুইয়া নামি নাই। রাইত ১০টার দিকে পোলা মইনুল ওয়াবদায় (বাঁধে) উইঠ্ঠা দেহে পানি ছোঁয়া ছোঁয়া। হেয় চিৎকার দেয় 'আব্বা নামেন'! এর পরই সবাই কলেজে (আশ্রয় কেন্দ্রে) মেলা করি। বান্ধের সুলিজ গেইটের (স্লুইস) কাছে গিয়াই পানির ধাক্কায় আর আটতে পারি না। মোর নাতি আল্লে বউ'র কোলে। হেরা সবাই ভাইস্সা গেলো, আমি কেমনে বাচছি কইতে পারি না। পরে বান্ধের উচু জায়গায় বউরে পাইছি। নাতিগো আর পাওয়া যায় নাই। দুই দিন পরে হেগো লাশ ভাইস্সা উঠছে খালে।"
ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত আমতলীর নদী-তীরবর্তী এমন সব জনপদেই এখন চলছে হাহাকার। পানিতে ভাসছে মৃত গবাদি পশু। এলাকার কেউ কেউ বলেছেন এখনো বিভিন্ন জায়গায় ভেসে উঠছে লাশ। রোববার সকালেও বাসুকী খালে একটি লাশ পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নঈম মো. আবদুস সবুরের কাছে জানতে চাইলাম- পুরো উপজেলার অবস্থাটা কী রকম। "আমার কিছু বলার নাই; আপনারা ঘুরে দেখেন"- অসহায় কণ্ঠে বললেন তিনি।
ইউএনও জানান, রোববার পর্যন্ত প্রাথমিক হিসাবে পুরো উপজেলায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। নিখোঁজ আছে অন্তত ৫০০। প্রত্যন্ত চরগুলোর অবস্থা এখনো জানা যায়নি।
আবু নঈম আরো জানান, আমতলী উপজেলার কমপক্ষে ২০ থেকে ২৫ শতাংশ ঘরবাড়ি নেই হয়ে গেছে। সারা উপজেলায় ৬০ থেকে ৮০ ভাগ গাছ উপড়ে গেছে। আমন ধান নষ্ট হয়ে গেছে প্রায় ৮০ ভাগ। শাকসব্জির আবাদ ৯০ শতাংশ নষ্ট হয়ে গেছে।
তিনি বলেন, "ক্ষতি হয়নি এমন পরিবার উপজেলার কোথাও নেই।"
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিতবরণ বিশ্বাসের কাছে জানতে চাইলাম- '৯১ এর ঝড়ের তুলনায় এবার মৃত্যুর সংখ্যা কম হতে পারে কি না। "আমি নিশ্চয়তা দিয়ে কিছুই বলতে পারবো না"- তার স্পষ্ট জবাব।
ডা.বিশ্বাস বলেন, " '৬৫ এর বন্যা থেকে বিভিন্ন ভয়াবহ দুর্যোগের সময় আমি এ এলাকায় ছিলাম। '৭০ এর জলোচ্ছ্বাস, '৯১ এর ঘূর্ণিঝড় আমি দেখেছি। কোনোবারই ঘূর্ণিঝড় এমন রহস্যময় আচরণ করেনি। প্রতিটি বড় ঝড়ের দীর্ঘ সময় আগে থেকেই প্রবল ঝোড়ো হাওয়া বইতে থাকে। কিন্তু এবার দুপুরের আগ পর্যন্ত তেমন একটা বাতাস ছিল না। ফলে অনেকের মধ্যে ঝড়ের ভয়াবহতা নিয়ে সন্দেহ ছিল।"
ডা. অসিত বলেন, "হাশারচর, বেহুলার চরের মতো দুর্গম এলাকাগুলোতে কী ঘটেছে আমরা এর কিছুই জানি না। এছাড়া ঝড়ের ৪/৫ দিন পর থেকেই শুরু হবে পানিবাহিত বিভিন্ন রোগ। তখনই পরিস্থিতি মোকাবেলা করাটা আরো বেশি জটিল হয়ে পড়বে।"
ওষুধপত্রসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর জন্য এরই মধ্যে প্রশাসনের উচ্চ পর্যায়ে আবেদন করা হয়েছে বলে জানান তিনি।
ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ এরই মধ্যে শুরু হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নঈম জানান। ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ৬০ টন চাল, ১০ মণ চিড়া ও ১০ মণ গুঁড় বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থাগুলোও এগিয়ে আসছে। তবে আমতলী ফেরি ঘাট ভেসে গিয়ে বরগুনার সঙ্গে উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ত্রাণ কার্যক্রম বিঘি
bdnews24