ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এলাকার ২৫টি থানায় ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।
নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগ জানিয়েছে, মঙ্গলবার থেকে তথ্য সংগ্রহকারীরা সিটি করপোরেশন এলাকার ২৫টি থানায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও রেজিস্ট্রেশন ফরম পূরণের কাজ শুরু করবে। ২৯ নভেম্বরের মধ্যে এ কাজ শেষ করা হবে।
ছবি তোলা, তথ্য নিবন্ধন ও ভোটার রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে ১ ডিসেম্বর থেকে। ডিসিসির বাকি ৩টি থানায় কাজ শুরু হবে আগামী মাসে।
যে ২৫টি থানায় মঙ্গলবার থেকে কাজ শুরু হবে সেগুলো হলো- কাফরুল, বিমানবন্দর, উত্তরা, ক্যান্টনমেন্ট, খিলক্ষেত, সবুজবাগ, মতিঝিল, পল্টন, যাত্রাবাড়ী, শ্যামপুর, সূত্রাপুর, কোতোয়ালী, পল্লবী, মিরপুর, শাহ আলী, মোহাম্মদপুর, আদাবর, ধানমণ্ডি, নিউমার্কেট, হাজারীবাগ, লালবাগ, খিলগাঁও, তেজগাঁও, রমনা ও শাহবাগ।
এছাড়া গুলশান থানা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে ৯ ডিসেম্বর এবং ভোটার রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে ২ জানুয়ারি থেকে। বাড্ডায় তথ্য সংগ্রহ শুরু হবে ৬ ডিসেম্বর এবং ভোটার রেজিস্ট্রেশন শুরু হবে ২৬ ডিসেম্বর। তেজগাঁও থানায় তথ্য সংগ্রহ করা হবে ২৪ ডিসেম্বর এবং ভোটার রেজিস্ট্রেশন শুরু হবে ১৬ জানুয়ারি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/এসকে/১৮১০ঘ.
bdnews24