ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সাবেক উপদেষ্টা বিচারপতি ফজলুল হক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ও সাজেদা চৌধুরীসহ ১২ জনের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার এ সংক্রান্ত নোটিশটি পাঠানো হয়।
দুর্নীতি দমন কমিশনের প্রশাসন ও অর্থ বিভাগের মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল সাংবাদিকদের এ তথ্য জানান।
নোটিশপ্রাপ্ত অন্যরা হলেন- বিআরটিসির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার, সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা মেজর (অব.) কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র সচিব রেজাউল হায়াত, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব শামসুল আলম, বিএনপির কথিত সংস্কারপন্থী নেতা সাইফুর রহমানের ছোট ছেলে শফিউর রহমান বাবু, আওয়ামী লীগের সাবেক সাংসদ একেএম রহমত উল্লাহ, রাজউকের ইমারত পরিদর্শক ও শ্রমিকদল নেতা আমির খসরু এবং চতুর্থ দায়রা জজ আদালতের এমএলএসএস আলী আকবর।
এছাড়াও দুর্নীতি দমন কমিশন রোববার চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরী ও দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে। এ মামলায় অভিযুক্ত অন্য দুই কর্মকর্তা হলেন মোক্তাদির আলম ও ইমতিয়াজ হোসেন চৌধুরী। অভিযুক্ত অন্য এক আসামী শহীদুল্লাহ ইতিমধ্যে মারা যাওয়ায় তার নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জিএমএ/এসকে/১৮০১ঘ.
bdnews24