২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ কার্যক্রমে রাজনৈতিক দলগুলোকে স্বাগত জানাবে সরকার: তপন চৌধুরী

ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় রাজনৈতিক দলগুলো উদ্ধার ও ত্রাণ তৎপরতায় অংশ নিলে সরকার তাকে স্বাগত জানাবে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা তপন চৌধুরী। একইসঙ্গে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় অংশ নিতে শিক্ষার্থীদের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 08:08 AM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় রাজনৈতিক দলগুলো উদ্ধার ও ত্রাণ তৎপরতায় অংশ নিলে সরকার তাকে স্বাগত জানাবে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা তপন চৌধুরী। একইসঙ্গে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় অংশ নিতে শিক্ষার্থীদের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। উপদেষ্টা রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এটাই সময়। রাজনৈতিক দলগুলো উদ্ধার ও ত্রাণ তৎপরতায় অংশ নিলে সরকার তা স্বাগত জানাবে।" এ সব কাজে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সহায়তা প্রত্যাশা করে তপন চৌধুরী বলেন, "অতীতে বড় ধরনের দুর্যোগের সময় দেশের ছাত্র সমাজ সবার আগে এগিয়ে এসেছে। দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়ে কাজে নেমেছে। এবারো তারা দুর্গত এলাকায় উদ্ধার এবং ত্রাণ তৎপরতায় যোগ দেবে বলে আশা করছি।" ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসেব এখানো পাওয়া যায়নি জানিয়ে উপদেষ্টা বলেন, "ক্ষতিগ্রস্ত সব এলাকায় পৌঁছনোর পর প্রকৃত হিসাব পাওয়া যাবে।" তপন চৌধুরী জানান, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এখন পর্যন্ত অনেক এলাকায় ত্রাণ পৌঁছনো যাচ্ছে না। তবে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। আগামী দুই-এক দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করে উপদেষ্টা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি/এমকে/এমআই/জিএনএ/১৪০০ ঘ.