সিলেট, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে শনিবার এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যের বাড়ি থেকে ৪৩ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে র্যাব ও পুলিশ। বাড়ির আঙিনায় মাটি খুঁড়ে এ সার উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাড়ির তত্ত্বাবধায়ক আবদুল লতিফকে গ্রেপ্তার করা হয়েছে।
সাবেক ইউপি সদস্যের নাম হাবিবুর রহমান। সার উদ্ধারের সময় তিনি বাড়ি ছিলেন না।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নওরোজ আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "শনিবার বিকেল ৫টার দিকে সৈয়দপুর শাহারপাড়া ইউপি সদস্য সৈয়দপুর ঈষাণকোনা গ্রামের হাবিবুর রহমানের বাড়ির আঙিনা খুঁড়ে ৪৩ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।"
তিনি জানান, উদ্ধার করা সারের মধ্যে ২০ বস্তায় রয়েছে সাড়ে ৫০ কেজি করে এবং ২৩ বস্তায় রয়েছে ২৫ কেজি করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩১৯ ঘ.
bdnews24