ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বাংলাদেশের উপকূল জুড়ে তাণ্ডবের পর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর এখন লঘুচাপে পরিণত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে স্থল নিম্নচাপ হিসাবে সিডর-এর অবস্থান ছিল ভারতের আসাম, ত্রিপুরা ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে। পরে আরও দুর্বল হয়ে তা লঘুচাপে পরিণত হয়।
আবহাওয়াবিদরা জানান, উৎসস্থলের কাছেই শক্তি অর্জন করে হারিকেনের তীব্রতা অর্জন করেছিল সিডর। বাংলাদেশ উপকূল থেকে ১ হাজার ১১৫ কিলোমিটার দুরেই প্রবল হয়ে উঠে এর গতি। এরপরই ধেয়ে আসতে থাকে উপকূলের দিকে।
সিডর দেশে আঘাত হানা যাবতকালের সর্বোচ্চ গতির ঝড় কিনা তা নিশ্চিত করতে পারেনি আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর এর সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করেছে পটুয়াখালীতে- ২২৩ কিলোমিটার। বাংলাদেশে উপকূলে ওঠার আগে এটির কেন্দ্রস্থলের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২২০ কিলোমিটার যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ২৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। কোথাও কোথাও গতিবেগ ২২৫ কিলোমিটারের বেশি ছিল। তাই কেন্দ্রস্থলের গতি আরও বেশি হতে পারে।
১৯৯১ সালে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া বিধ্বংসী ঘূর্ণিঝড়টির গতি ছিল ঘণ্টায় ২২৫ কিলোমিটার।
ঝড়ের মূল অংশ যে জায়গা দিয়ে আঘাত করেছে সেখানে আবহাওয়া অধিদপ্তরের কোনও পর্যবেক্ষণ কেন্দ্র নেই।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমরেন্দ্র কর্মকার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে থেকেই গতিপথ সম্পর্কে নিশ্চিত না হওয়ার কারণে নিয়মমাফিক উপকূলে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছিল। বাংলাদেশ সরকারের স্থায়ী নির্দেশাবলী অনুসারে কমপক্ষে দশ ঘণ্টা আগে মহাবিপদ সংকেত দিতে হয় জানিয়ে সমরেন্দ্র কর্মকার বলেন এবার প্রায় ২৪ ঘণ্টা আগেই মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশে এই প্রথম এত আগে মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ।
আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক সাজেদুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিডর উৎসস্থলের কাছেই শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে অগ্রসর হয়েছে। এরকম হতে পারে। এটা অস্বাভাবিক কিছু না। অন্যান্য ক্ষেত্রে যাত্রাপথে শক্তিসঞ্চয় করে হারিকেনের তীব্রতা অর্জন করে।"
সিডর উপকূলের কাছ ঘেঁষে অগ্রসর হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতো বলে উল্লেখ করেন সাজেদুর রহমান। তিনি বলেন, সরাসরি স্থলভাগে ওঠে আসায় ক্ষতি অপেক্ষাকৃতভাবে কম হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২২১৩ঘ.
bdnews24