ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাতভর সিডরের তাণ্ডবে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানীতেও। ঢাকার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ৭ জনের লাশ। বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকেই বিদ্যুৎ নেই অধিকাংশ স্থানে। আর বিদ্যুৎ না থাকায় পানিও পাচ্ছে না নগরবাসী।
বৃহস্পতিবার রাত ৯টার পরপরই ঝড়ো হাওয়া শুরু হয়। ঢাকায় সর্বোচ্চ ৯৩ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। সে সঙ্গে ছিল বৃষ্টি। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ঝড়ো হাওয়ায় অনেক গাছই নুয়ে পড়েছে মাটিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় শতাধিক গাছ উপড়ে গেছে কিংবা ডাল ভেঙে পড়েছে। অনেক জায়গায় গাছের ডাল ভেঙে পড়েছে বিদ্যুৎ বা টেলিফোনের তারের ওপর।
ঝড়ের প্রচণ্ড তোড়ে চাল উড়ে গেছে অনেক টিনের ছাউনি দেওয়া ঘরের। বিশেষ করে বহুতল ভবনগুলোর সর্বোচ্চ তলা বা ছাদে নির্মিত দুর্বল (পিলার ছাড়া) স্থাপনা ভেঙ্গে পড়েছে অনেকগুলো।
মধ্যরাতের পর থেকেই পুরো রাজধানীতে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ে। অন্ধকারে তলিয়ে যায় রাজধানী। অন্ধকারে ডুবে থাকা রাজধানীতে প্রচন্ড দাপট চালিয়েছে সিডর। বিদ্যুৎ না থাকায় পানির পাম্পগুলো বন্ধ থাকায় পানি সরবরাহ পাচ্ছে না নগরবাসী।
ঝড়ে গাছ উপড়ে ও ঠাণ্ডা বাতাসে বৃষ্টিতে ভিজে মারা গেছে সাতজন। রাজধানীর বিভিন্ন থানার পুলিশ এদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জগন্নাথ হলের পূর্ব পাশের ফুটপাথ থেকে এক অজ্ঞাত পুরুষ (৩০), তিন নেতার মাজারের পশ্চিমপাশের যাত্রী ছাউনি থেকে এক অজ্ঞাত বৃদ্ধা (৮০) ও হাইকোর্টের বিপরীতে কার্জন হলের কোণার যাত্রী ছাউনি থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক জেবুন্নাহার জেসমিন তিনজনের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তারা কি কারণে মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৃষ্টি ও প্রচণ্ড ঠাণ্ডায় তাদের মৃত্যু হয়েছে।
এছাড়া রমনা থানা পুলিশ ঢাকা ক্লাব সংলগ্ন ফুটপাথ থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে। তার পরনে চেক লুঙ্গি ও গেঞ্জি ছিল।
উত্তরখান থানা পুলিশ উত্তরখান থানাধীন মাটিরবাজার এলাকা থেকে শুক্রবার সকাল পৌনে ১০টায় অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে।
এছাড়া উত্তরায় গাছ পড়ে মারা গেছে এক ব্যক্তি। নিহতের নাম ইমরান (৪৫)। বৃহস্পতিবার রাতে উত্তরার ৪ নম্বর সেক্টরের ফ্যান্টাসি পার্কের পাশের দোকানে তিনি বসেছিলেন। রাত ১২টার দিকে একটি বড়গাছ উপড়ে তার দোকানে পড়লে তিনি মারাত্মক আহত হন। রাতেই উদ্ধার করে তাকে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে তার মৃত্যু হয়।
শুক্রবার সকালে মিরপুর এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন আব্দুল খালেক (২৮) নামে এক যুবক। লালকুঠি বসুপাড়া তৃতীয় কলোনীর বাসিন্দা খালেক সকালে কাজে যাওয়ার সময় হেলে পড়া একটি বৈদ্যুতিক খুঁটির তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/এমএ/১৯৫০ঘ.
bdnews24