চট্টগ্রাম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে আবদুস সাত্তার হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ একরামুল হক চৌধুরী এ দণ্ডাদেশ দেন। আদালতের রায়ে যাবজ্জীবন সাজার পাশাপাশি আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর কারাভোগের নির্দেশ দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন মোহাম্মদ দিদার, সাইফুদ্দিন হিরু, অজয় রক্ষিত, রূপক দেব ও মোহাম্মদ আইয়ুব। এদের মধ্যে রূপক ছাড়া বাকিরা পলাতক রয়েছেন। এরা সবাই চট্টগ্রাম (উত্তর) জেলা ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন।
বাদিপক্ষের আইনজীবী মো. তসলিম উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ১০ বছর আগে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তিন প্রত্যক্ষদর্শীসহ মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দিলো।
মামলার বিবরণে জানা যায়, নগরীর কাজীর দেউরী সিডিএ মার্কেটের রঙধনু শিল্পালয় নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৯৯৭ সালের ৫ অক্টোবর রাতে মহানগর ছাত্রলীগ নেতা আব্দুল মান্নানের ভাই সাত্তারকে মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়। মুক্তিপণ না পেয়ে সাত্তারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
৬ অক্টোবর আবদুস সাত্তারের বাবা তোফায়ল আহমেদ বাদি হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১৯৯৮ সালের ৩১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার তৎকালীন উপ-পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন অভিযোগপত্র দাখিল করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৬৫০ ঘ.
bdnews24