ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সেনাপ্রধানের স্ত্রী পরিচয় দিয়ে একজন সচিব ও নৌ-বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে চাঁদা চাওয়ার অভিযোগে বুধবার রাতে আনোয়ারা রহমান নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
ওই মহিলা এক ব্যক্তির চিকিৎসার নাম করে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সচিব খান এনায়েতউল্লাহ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর ফারুখের কাছে কয়েক লাখ টাকা চাঁদা দাবি করেন। আনোয়ারা রহমান সাবেক উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমানের স্ত্রী।
বছরখানেক আগে শিশু পাচারকারী সন্দেহে পুলিশ আনোয়ারা রহমানের বাসায় অভিযান চালিয়ে ১৪ শিশু উদ্ধার ও তাকে গ্রেপ্তার করে। তিনি নিজেকে ওই শিশুদের মা দাবি করেন। বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারধীন।
র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আসিফ আহম্মেদ আনছারী রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত রোববার চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান কমডোর ফারুখ নৌ-বাহিনীর গোয়েন্দাদের মাধ্যমে বিষয়টি আমাদের জানান। আনোয়ারা বেগম এক ব্যক্তির চিকিৎসার জন্য সেনাপ্রধানের স্ত্রী পরিচয় দিয়ে তার কাছে দুই লাখ টাকা দাবি করেন। আনোয়ারা বেগম এবি ব্যাংকের কাকরাইল শাখায় তার হিসাব নম্বরে এ টাকা পাঠাতে বলেন।"
তিনি জানান, কমোডোর ফারুক তার টেলিফোন নম্বর কোত্থেকে পেয়েছেন জানতে চাইলে আনোয়ারা রহমান নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব খান এনায়েত উল্লাহর নাম বলেন।
কর্ণেল আসিফ বলেন, "আমরা অভিযোগ পাওয়ার পর সচিব খান এনায়েতউল্লাহর সঙ্গে যোগাযোগ করি। তিনি জানান, ওই মহিলা সেনাপ্রধানের স্ত্রী পরিচয়ে তার কাছেও কয়েক লাখ টাকা দাবি করে বেশ কয়েকবার ফোন করেছেন। তখন আমরা মোবাইল নম্বর এবং এবি ব্যাংকের কাকরাইল শাখার ব্যাংক হিসাব নম্বরের সূত্র ধরে আনোয়ারা বেগমের বসুন্ধারা আবাসিক এলাকার বাসার সন্ধান পাই। মঙ্গলবার সন্ধ্যায় ওই বাসায় অভিযান চালিয়ে আনোয়ারা বেগমকে মোবাইল টেলিফোনসহ হাতেনাতে আটক করি।"
র্যাব কর্মকর্তা জানান, আনোয়ারা বেগমের ব্যাবহৃত মোবাইল ফোন থেকেই টাকা চাওয়া হয়েছিল নিশ্চিত হওয়ার পর তাকে র্যাব সদরদপ্তরে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে মিথ্যা বললেও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি বলেন, "আমি গরিব ও অসুস্থ। এজন্য অভাবের তাড়নায় এ কাজ করেছি।"
কর্নেল আসিফ জানান, অভিযানের সময় সাবেক ডিআইজি আনিসুর রহমান বাসায় ছিলেন না। তবে অনেক রাতে তিনি র্যাব মহাপরিচালকের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে তার স্ত্রীকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন।
জিজ্ঞাসাবাদ শেষে টেলিযোগাযোগ আইন লঙ্ঘন এবং চাঁদাবাজির অভিযোগে বুধবার সন্ধ্যায় র্যাব বাদি হয়ে আনোয়ারা বেগমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে বাড্ডা থানায় হস্তান্তর করেছে। এ ছাড়া কমডোর ফারুখ এবং সচিব খান এনায়েতউল্লাহ বাদি হয়ে গুলশান থানায় দুটি সাধারণ ডায়েরি করেছেন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মমেনুল আহসান রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আনোয়ারা বেগম আমাদের হেফাজতে আছে। তাকে আগামীকাল (বুধবার) সকালে আদালতে পাঠানো হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০০২৩ ঘ.
bdnews24