ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দুর্নীতিবাজদের বিচারের জন্য চালু হওয়ার ৬ মাস পর সংসদ ভবনের বিশেষ জজ আদালত থেকে প্রথমবারের মত কোনো আসামি জামিন পেলেন। একটি ঘুষের মামলার আসামি নিতাই চন্দ্র তালুকদারকে বুধবার বিকেলে জামিন দেন বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নূর উদ্দিন।
একইসঙ্গে বিচারক এ মামলায় অভিযোগ গঠন করেন এবং আগামী ২০ নভেম্বর থেকে সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেন।
জামিন মঞ্জুরের পর নিতাই চন্দ্রের আইনজীবী আব্দুস সোবহান তরফদার সাংবাদিকদের বলেন, "আইনজীবী হিসেবে আসামির জামিন পাওয়াটা সব সময়ই আনন্দের। তাছাড়া এ আদালতে এটাই প্রথম জামিনের ঘটনা বলে আমি আরও বেশি আনন্দিত।"
গত ১৪ মার্চ ঘুষ দেওয়া-নেওয়ার অভিযোগে র্যাব-২ এর উপ-সহকারি পরিচালক এম এ হালিম চৌধুরী পল্টন থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, কর আপিলাত বেঞ্চের যুগ্ম কর কমিশনার হারুন-উর-রশিদ ফারিয়াজ কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালকের ২২ লাখ টাকার কর ৫ লাখ টাকায় মীমাংসা করে দেওয়ার কথা বলে ওই প্রতিষ্ঠানের আইনজীবী নিতাই চন্দ্রের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেন। একইভাবে আরেক আইনজীবী মফিজুল ইসলামের কাছ থেকে আরও ৫ হাজার টাকা ঘুষ নেন হারুন রশিদ। এই লেনদেনের সময় ছদ্মবেশে সেখানে থাকা র্যাব সদস্যরা ঘুষের টাকাসহ ওই তিনজনকে আটক করে।
৮ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক শামসুল আলম এ মামলায় হারুন রশিদ, নিতাই চন্দ্র ও মফিজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। তবে সিনিয়র মহানগর বিশেষ জজ আদালত মফিজুল ইসলামকে এ মামলা থেকে অব্যহতি দেন।
বুধবার নিতাই চন্দ্রের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সোবহান আদালতে জামিনের আবেদন করলে বিচারক শাহেদ নূর উদ্দিন শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকা, একজন স্থানীয় প্রতিনিধি ও একজন আইনজীবীর জিম্মায় নিতাই চন্দ্রের জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে মামলার অভিযোগ গঠন করে আগামী ২০ নভেম্বর থেকে সাক্ষ্য নেওয়ার জন্য দিন ধার্য করেন তিনি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ এফ এ গোলাম ফাত্তাহ এ মামলার প্রধান আসামি হারুন-উর-রশিদের জামিনের বিরোধিতা করলেও নিতাই চন্দ্রের জামিনের বিরোধিতা করেননি।
চলতি বছরের ৬ মে বিশেষ জজ আদালতে বিচার কাজ শুরু হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এমএ/১৮৫৫ঘ.
bdnews24