বাগেরহাট, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যুবদল নেতা আলীমুল হুদা বাচ্চু হত্যা মামলায় নয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার বিকালে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক ওসমান হায়দার এ রায় দেন। রায়ে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাভোগের নির্দেশ দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, আবুল হোসেন, সরদার মাসুদুর রহমান, খান আবু বক্কর, আনিস শেখ, হাবলা খোকন, শারাফত খোন্দকার সরু, ভুট্টো তালুকদার, শাহীন তালুকদার ও আজগর শেখ। এদের মধ্যে আজগর শেখ, শাহীন তালুকদার ও ভুট্টো তালুকদার পলাতক রয়েছে। এদের সবার বাড়ি বাগেরহাট শহরের খারদ্বার ও শহরতলীর বাদে কাড়াপাড়া এলাকায়।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত পাঁচ জনকে বেকসুর খালাস দিয়েছে। এরা হলেন, শওকত আলী শিমুল, বাচ্চু পাইক, হাবি দাই, মুছা দাই ও সবুজ।
১৯৯৫ সালের ২৭ আগস্ট শহরতলির পঁচা দিঘির পাড়ে যুবদল নেতা আলিমুল হুদা বাচ্চুকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের ভাই জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা ৮ সেপ্টেম্বর বাগেরহাট সদর থানায় ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ১৩ নভেম্বর সদর থানার উপ-পরিদর্শক তদন্ত কর্মকর্তা গাজী নোয়াব আলী ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৮০৪ ঘ.
bdnews24