সাভার, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নবীনগর-কালিয়াকৈর সড়কের চক্রবর্তী এলাকায় পুকুরে ডুবে যাওয়া বাসটি রাত ৮টার দিকে পানি থেকে তোলা হয়েছে। তবে এর ভেতরে কোনো মৃতদেহ পাওয়া যায়নি। নিখোঁজ যাত্রীদের অনুসন্ধান চালাচ্ছেন উদ্ধারকারীরা।
প্রায় ৪০ জন যাত্রী নিয়ে ধানসিঁড়ি পরিবহনের একটি বাস জামালপুর থেকে ঢাকা যাওয়ার পথে বুধবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে ডুবে যায়। সেনাবাহিনী, দমকল বাহিনী ও পুলিশ সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর সাভার প্রতিনিধি সেলিম আহমেদ ঘটনাস্থল থেকে জানান, দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা। বাসটিকে রাত ৮টার দিকে পানি থেকে তোলা হলেও এর ভেতরে কোনো লাশ পাওয়া যায়নি। কর্তৃপক্ষ বলছে, পুকুরে অনুসন্ধান শেষ করতে সারারাত লাগতে পারে।
দুর্ঘটনার পরপরই ডুবে যাওয়া বসের ভেতর থেকে আট জনকে জীবিত উদ্ধার করা হয়। এরা হলেন, তহিরুন নেসা, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মোকসেদ আলী, জিয়াউল হক, রোখসানা আক্তার, পর্পুল বেগম ও মনির হোসেন। তাদের সবার বাড়ি জামালপুর জেলায়।
তহিরুন নেসা সাংবাদিকদের বলেন, "সকাল ৯টার দিকে জামালপুর থেকে বাসে চড়ি। দুপুরে এটি দুর্ঘটনায় পড়ে। জানালার পাশে বসার কারণে দ্রুত বের হতে পেরেছি। তবে বাসে এখনো ৩০ জনের মতো যাত্রী আটকে আছে।"
বাস পানিতে পড়ে যাওয়ার সময় চালককে লাফিয়ে নেমে যেতে দেখেছেন বলে দাবি করেছেন উদ্ধার হওয়া অপর যাত্রী মনির হোসেন। তারও ধারণা, বাসে আটকে থাকা যাত্রীর সংখ্যা ৩০ এর কম হবে না।
ঘটনার প্রত্যক্ষদর্শী মাধবপুর গ্রামের রাজু আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর দেড়টার দিকে টাঙ্গাইলের কেন্দুয়াগামী বিনিময় পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী ধানসিঁড়ি পরিবহনের একটি বাসের সংঘর্ষের উপক্রম হয়। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধানসিঁড়ি পরিবহনের বাসটি পুকুরে পড়ে যায়। অন্যদিকে বিনিময় পরিবহনের বাসটি ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে।"
দুর্ঘটনার পরপরই পুকুরে পড়ে যাওয়া বাস থেকে চার/পাঁচ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে রাজু আহমেদ জানান। তিনি আরো জানান, বাসটি যাত্রীবোঝাই ছিল।
বিনিময় পরিবহনের বাসটি দুর্ঘটনাস্থলের পাশেই রয়েছে।
দুর্ঘটনাস্থলে কর্তব্যরত আশুলিয়া থানার উপ-পরিদর্শক পুলিশ মাজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, দুর্ঘটনা কবলিত বাসটি জামালপুর থেকে ঢাকা যাচ্ছিল। ধানসিঁড়ি পরিবহনের বাসটি চক্রবর্তী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়।
বাসের মধ্যে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন বলে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান।
ঘটনাস্থলে বিপুল পরিমাণ মানুষ ভিড় করেছে। দুর্ঘটনার পরপরই ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকালে রাস্তার এক পাশ দিয়ে গাড়ি চলাচল শুরু হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এসএনডি/২১০০ ঘ.
bdnews24