ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- লেখক-গবেষক ড. হুমায়ুন আজাদ হত্যাচেষ্টার মামলায় জেএমবি নেতা শায়খ আব্দুর রহমান ও তার ভাই আতাউর রহমান সানিসহ পাঁচজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র তৈরি করেছে সিআইডি। আগামী বৃহস্পতিবার অভিযোগপত্রটি আদালতে জমা দেওয়া হবে।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী আব্দুল মালেক মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "তদন্ত এরইমধ্যে শেষ হয়েছে। বৃহস্পতিবারই আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।"
তিনি জানান, জেএমবি নেতা আতাউর রহমান সানির নেতৃত্বে মিজানুর রহমান মিনহাজ, ভাগ্নে শহীদ ও শামীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন আজাদকে হত্যার চেষ্টা চালায়। ওই হামলার নির্দেশ এসেছিল শায়খ আব্দুর রহমানের কাছ থেকে।
মামলার পাঁচ আসামির মধ্যে শায়খ আব্দুর রহমান ও আতাউর রহমান সানির ফাঁসি কার্যকর করা হয়েছে। মিজানুর রহমান মিনহাজ এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি। বাকি দুজন- ভাগ্নে শহীদ ও শামীম পলাতক।
এ মামলা প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন রমনা থানার উপ পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান। সে সময় ছাত্রলীগ নেতা আবু আব্বাসকে গ্রেপ্তার করা হয়। পরে সিআইডি তদন্তের দায়িত্ব পেয়ে ছাত্রলীগ নেতা শফিকুল্লাহ ও ছিনতাইকারী খালেক টাইগার এবং গোলাম মোস্তফা ওরফে মোস্তফা মাহবুবকে গ্রেপ্তার করে। এদের মধ্যে শফিকুল্লাহ ছাড়া বাকি সবাই পরে জামিনে মুক্তি পায়।
তদন্ত কর্মকর্তা কাজী আব্দুল মালেক জানান, ২০০৬ সালে জুন মাসে জেএমবি সদস্য মিজানুর রহমান মিনহাজকে গ্রেপ্তার করা হয়। তার জবানবন্দিতে শায়খ আব্দুর রহমানদের নাম আসায় ছাত্রলীগ নেতাসহ এর আগে গ্রেপ্তারকৃতদের মামলা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়।
মামলায় মোট ৪০জনকে স্বাক্ষী করা হয়েছে।
প্রসঙ্গত ২০০৪ সালের ২৭ ফেব্র"য়ারি রাত সাড়ে ৮টার দিকে বাংলা একাডেমী প্রাঙ্গণ থেকে বাসায় ফেরার পথে পরমাণু কেন্দ্রের সামনে হুমায়ুন আজাদ হামলার শিকার হন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এমএইচবি/২০৪৩ ঘ.
bdnews24