চট্টগ্রাম, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনৈতিক অগ্রগতির প্রয়োজনে কিছু বিষয়ে দল-মত নির্বিশেষে ঐকমত্যে পৌঁছতে হবে। রাজনৈতিক বিষয়ে ঐকমত্যের চেয়ে অর্থনৈতিক ইস্যুতে ঐকমত্যের বিষয়টিই এখন জরুরি।
চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মঙ্গলবার 'জাতীয় ঐকমত্যের আবশ্যকতা ও করণীয়' শীর্ষক এক মুক্ত আলোচনায় বক্তারা একথা বলেছেন।
গ্লোবাল বাংলা ফাউন্ডেশন, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ (সিসিসিআই), বিজিএমইএ, চট্টগ্রাম প্রেস ক্লাব এবং বাংলাদেশ রিসার্চ ফোরামের যৌথ উদ্যোগে ওই আলোচনা সভা হয়।
সভায় মূল প্রবন্ধে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের চেয়ারম্যন এবং গ্লোবাল বাংলা ফাউন্ডেশনের সভাপতি সাদেক খান ১৯৯০ সালে গণ আন্দোলনের পর রাজনৈতিক দলগুলোর সংলাপের ভিত্তিতে তৈরি ৯ দফা রূপরেখার সঙ্গে আরো ১৩টি বিষয় যোগ করে ২২টি বিষয়ে ঐকমত্য গড়ে তোলার জন্য দেশব্যাপী সংলাপের আহ্বান জানান।
তিনি বলেন, "জাতি যে মহাসঙ্কটে রয়েছে তা মোকাবেলায় মৌলিক জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আবশ্যকতা বড় হয়ে দেখা দিয়েছে। বহুদলীয় গণতন্ত্রের প্রতিদ্বন্দ্বিতা মুলতবি করে নয়, বহুদলীয় গণতন্ত্রের প্রতিদ্বন্দ্বিতা বহাল রেখেই এটা হতে পারে।"
বিষয়গুলো ধরে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনই সংলাপ শুরু করা প্রয়োজন বলে সাদেক খান উল্লেখ করেন।
তিনি বলেন, "দেশের রাজনৈতিক মেরুকরণ প্রক্রিয়ার অবসান ঘটাতে আদর্শগত বিরোধ বা অতীত নিয়ে বিবাদ একপাশে রেখে ভবিষ্যত বাংলাদেশ গড়ে তোলার তাগিদ থেকেই ঐকমত্য গড়ে তোলা প্রয়োজন। সে জন্য সব পক্ষ থেকে চাপ সৃষ্টির জন্যই সেমিনারের আয়োজন করা হয়েছে।"
বর্তমানে সংবাদ মাধ্যম মুক্ত উল্লেখ করে পিআইবি চেয়ারম্যান বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর জনজীবনে আবার নিরাপত্তা ফিরে এসেছে। দুর্নীতি দমন অভিযান শুরু করায় ব্যবসা-বাণিজ্য-শিল্প খাতে গতি সঞ্চার হয়েছে। এ অবস্থা নির্বাচনের পরও যাতে টিকে থাকে, সে জন্য সবাইকে সজাগ হতে হবে।"
আলোচনায় ব্যবসায়ী নেতারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিয়ে হলে সবার আগে অর্থনৈতিক ইস্যুতে ঐকমত্য গড়ে তোলার আহবান জানান।
স্বাগত বক্তব্যে সিসিসিআই সভাপতি সাইফুজ্জামান চৌধুরী বলেন, "যে গণতন্ত্র আমরা চেয়েছিলাম তা পাইনি। প্রথাভিত্তিক রাজনীতির বাইরে এসে বাস্তবভিত্তিক রাজনীতি করতে হবে। অর্থনৈতিক ইস্যুকে গুরুত্ব দিয়ে কিছু কিছু বিষয়ে ঐকমত্যের বিকল্প নেই।"
গ্লোবাল বাংলা ফাউন্ডেশনের ট্রাস্টি এবং সিসিসিআই'র সাবেক সভাপতি কামাল উদ্দীন আহমেদ বলেন, "অর্থনীতি ঠিক না থাকলে দেশ সমৃদ্ধ হবে না। সেজন্য এ বিষয়ে সরকার ও বিরোধী দলকে সমঝোতার ভিত্তিতে দেশ পরিচালনা করতে হবে।"
বিজিএমইএ এর প্রথম সহ-সভাপতি এম এ ছালামও অর্থনৈতিক ইস্যুতে সবার আগে ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানান।
আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী এম এ মান্নান সব কিছুর জন্য ঢালাও ভাবে রাজনীতিবিদদের দায়ী করার বিরোধিতা করেন। পাশাপাশি জাতীয় চেতনা সমুন্নত রাখতে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টিতে ঐকমত্যের ওপর জোর দেন তিনি।
তিনি বলেন, "ক্ষমতার প্রয়োজনে ঐকমত্য নয়। বরং নির্বাচনের মাধ্যমে জনগণ যাদের ক্ষমতায় বসাবে তাদের ভালো কাজ করতে দেয়ার জন্যও ঐকমত্য গড়ে তুলতে হবে।"
জাতীয় পার্টি নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী ঘোষণা অনুযায়ী ২০০৮ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, "এ সরকার ব্যর্থ হলে জাতি দিশেহারা হয়ে পড়বে।" সাদেক খানের ২২ দফার ভিত্তিতে ঐকমত্য সম্ভব হবে কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এ মুক্ত আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মাজহারুল হক শাহ, আওয়ামী লীগ নেতা এম এ সালাম, মোসলেম উদ্দিন, বিএনপি নেতা নজরুল ইসলাম, কমিউনিস্ট পার্টি নেতা শাহ আলম, এলডিপি নেতা একরামুল করিম, জামায়াতে ইসলামীর নেতা নজরুল ইসলাম, রাউজান পৌরসভার সাবেক চেয়ারম্যান দেবাশীষ পালিত, ওয়ার্ড কমিশনার রেহেনা কবির রানু, শিক্ষাবিদ মোহাম্মদ হোসেন, প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, সাংবাদিক আবু তাহের মুহাম্মদ প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/এমএইচবি/১৮৪০ ঘ.
bdnews24