২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারের কোনো সংকট নেই, সমস্যা বিতরণের: শিল্প উপদেষ্টা

শিল্প উপদেষ্টা গীতিয়ারা সাফিয়া চৌধুরী বলেছেন, দেশে বর্তমানে সারের কোন সংকট নেই, তবে এর বিতরণের সমস্যা রয়েছে। সার সংকটের কথা 'মিডিয়া ও কৃষকদের সৃষ্টি' বলে মন্তব্য করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 09:53 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শিল্প উপদেষ্টা গীতিয়ারা সাফিয়া চৌধুরী বলেছেন, দেশে বর্তমানে সারের কোন সংকট নেই, তবে এর বিতরণের সমস্যা রয়েছে। সার সংকটের কথা 'মিডিয়া ও কৃষকদের সৃষ্টি' বলে মন্তব্য করেছেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্প উপদেষ্টা গীতিয়ারা চৌধুরী বলেন, সরকার সার বিতরণ ব্যবস্থা সুষ্ঠু করতে সব রকমের পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। উপদেষ্টা বলেন, "দেশে সার নিয়ে কোন অস্থিরতা নেই। সব কিছুই ঠিক আছে। সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। এরপরও যেন সংকট না হয়, সেজন্য সরকার প্রয়োজনের অতিরিক্ত সার আমদানি ও মজুদ করার সিদ্ধান্ত নিয়েছে।" তবে সারের ব্যবস্থাপনায় সমস্যা রয়েছে বলে স্বীকার করেন উপদেষ্টা। তিনি জানান, এ সমস্যা সমাধানে সরকার চেষ্টা করছে। কোন কোন স্থানে ত্র"টি রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এর জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। উপদেষ্টা বলেন, "সার ব্যবস্থাপনায় সরকার নতুন ব্যবস্থা চালু করার কথা ভাবছে। এটি এখনো চূড়ান্ত হয়নি। মাঠ পর্যায়ে এ নিয়ে কাজ হচ্ছে। এখন পিক সময়, তাই এখন নতুন ব্যবস্থা চালু করা সম্ভব নয়। লিন সময়ে সরকার এ ব্যবস্থা চালু করবে।" সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সার বিতরণ সমস্যার সমাধানে প্রয়োজনে জনবল বাড়ানোর ব্যবস্থা নেয়া হয়েছে। যেখানে প্রয়োজন সেখানে জনবল বাড়ানো হচ্ছে। অন্য এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "আগে শুধুমাত্র ধান চাষীদেরকে সার দেয়া হতো। মজুদ পর্যাপ্ত থাকায় এখন মাছ ও ভুট্টা চাষীদেরও সারের বরাদ্দ দেয়া হয়েছে। তবে কৃষকদের মধ্যে আতংক রয়েছে। তাদের ধারণা, একবার সার নিলে পরে আর পাওয়া যাবে না; যা ঠিক নয়। তারা চাহিদা অনুযায়ী যে কোন সময় সার পাবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৫৩২ঘ.