ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় ৫ দিনের রিমান্ড শেষে ওয়ার্ল্ড টেল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাঈম মেহতাব চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মামলাটির তদন্ত কর্মকর্তা র্যাব-৩ এর উপ-পরিদর্শক মো. আব্দুল আউয়াল সোমবার নাঈম মেহতাবকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তাকে আদালতে পাঠানোর আবেদন জানান।
শুনানি শেষে হাকিম গোলাম রব্বানী আসামিকে করাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১১ জুন ওয়ার্ল্ড টেল বাংলাদেশ হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আমজাদ এইচ খান মতিঝিল থানায় নাঈম মেহতাব চৌধুরী, মির্জা বাবর বেগ ও মবরুর ওমর আইয়াজকে আসামি করে মামলাটি দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, ২০০৫ সালে ওয়ার্ল্ডটেল বাংলাদেশ এর পরিচালক থাকাকালে নাঈম মেহতাব নিজেকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দেখিয়ে দুটি ব্যাংক থেকে মোট ৪৬ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন। ঋণ নেওয়ার সময় জিম্মাদার (গ্যারান্টার) হিসেবে ওয়ার্ল্ডটেল হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান স্যাম পিত্রোদার স্বাক্ষর জাল করে ব্যাংকে জমা দেওয়া হয়।
গত ৫ নভেম্বর সকালে নাঈম মেহতাবকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব। মামলার অন্য দুই আসামি এখনো পলাতক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএ/১৭৫৭ঘ.
bdnews24