নারায়ণগঞ্জ, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের 'ঝুট সন্ত্রাসী' জাহাঙ্গীর আলম ওরফে বরিশাইল্যা জাহাঙ্গীরকে (৩৭) সোমবার দুপুরে ফতুল্লা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১১ এর কর্মকর্তা ক্যাপ্টেন কাজী মো. কাওসার জাহান সাংবাদিকদের জানান, র্যাবের একটি বিশেষ গোয়েন্দা দল শীর্ষ ঝুটসন্ত্রাসী বরিশাইল্যা জাহাঙ্গীরকে ৫ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে।
তিনি জানান, জাহাঙ্গীর একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে দীর্ঘদিন ধরে ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্প নগরী ও আশেপাশের বিভিন্ন রপ্তানীমুখী গার্মেন্টস কারখানা থেকে জোরপূর্বক ঝুট (গার্মেন্টসের পরিত্যক্ত কাপড়) ছিনিয়ে নিত। এছাড়া চাঁদাবাজি ও সন্ত্রাসের সঙ্গেও জড়িত ছিল তার বাহিনী।
জাহাঙ্গীরকে শহরের পুরাতন জেলখানায় র্যাব ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে ফতুল্লা থানায় মামলা হবে বলে র্যাব জানিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জাহাঙ্গীর এক সময় বিসিক শিল্প নগরীর ফুটপাতে পিঠা বিক্রি করতো। এক পর্যায়ে ছিনতাই ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে সে। ২০০১ সাল থেকে সাবেক সাংসদ ও বিএনপি নেতা মুহাম্মদ গিয়াসউদ্দিনের পৃষ্ঠপোষকতায় বিসিক শিল্প নগরীতে চঁদাবাজি ও ঝুট সন্ত্রাস চালাতে থাকে। ডাকাতি মামলায় একবার জাহাঙ্গীর গ্রেপ্তারও হয়েছিলো।
সাবেক সাংসদ গিয়াসউদ্দিনও এখন কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে নদী দখল, চাঁদাবাজির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৮ ঘ.
bdnews24