২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রগামী জেলেদের পরিচয়পত্র দিয়েছে এডিএমডি

সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা বিবেচনা করে ছবিযুক্ত পরিচয়পত্র বিতরণ শুরু করেছে অ্যাসোসিয়েশন ফর ডিজাস্টার মিটিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (এডিএমডি) নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 11:00 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

পটুয়াখালী, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা বিবেচনা করে ছবিযুক্ত পরিচয়পত্র বিতরণ শুরু করেছে অ্যাসোসিয়েশন ফর ডিজাস্টার মিটিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (এডিএমডি) নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। প্রাকৃতিক দূর্যোগ, ট্রলারডুবি ও নিরাপত্তা বাহিনীর কাছে সমুদ্রগামী জেলেদের পরিচয় নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। সোমবার সকালে বড় বাইশদিয়ায় ৬০ জন সমুদ্রগামী জেলের মাঝে পরিচয় পত্র বিতরণ করা হয়। এডিএমডি'র সহকারী পরিচালক আসাদুজ্জামান বাবুল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে উত্তাল সাগরে মাছ ধরতে গিয়ে সমুদ্রগামী জেলেরা প্রাকৃতিক দূর্যোগে ট্রলার সহ নিখোঁজ হয়। এদের মধ্যে অনেকেই অন্যান্য ট্রলারের সহায়তায় ভারত ও মিয়ানমার আশ্রয় নেয়। দূর্ভাগ্যজনকভাবে তারা বছরের পর বছর জেলখাটে ওই সব দেশের কারাগারে। হতদরিদ্র ও নিরক্ষর জেলেরা তাদের পরিচয়ও দিতে পারে না। এ কারণে জেলেদের পরিচয় পত্রে বাংলা, ইংরেজী, হিন্দি ও বার্মিজ ভাষা ব্যবহৃত হয়েছে। তিনি আরো জানান, দেশের জলসীমায় নৌবাহিনী ও কোস্টগার্ড সহ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতরা পরিচয়পত্রধারী জেলেদের সহায়তায় এগিয়ে আসতে পারবেন। এ সময় বড় বাইশদিয়ার চেয়ারম্যান আবু হাসনাত আবদুল্লাহ, রাঙাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন। তারা জেলেদের লাইফ জ্যাকেট, টর্চ লাইট ও রেডিও উপহার দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬৫০ ঘ.