২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় গৃহবধূ অ্যাসিডদগ্ধ

সদর উপজেলার আলীধানী গ্রামে সুন্দরী বেগম (৩৫) নামে এক গৃহবধূ রোববার রাতে অ্যাসিডদগ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 10:43 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

মাগুরা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার আলীধানী গ্রামে সুন্দরী বেগম (৩৫) নামে এক গৃহবধূ রোববার রাতে অ্যাসিডদগ্ধ হয়েছেন। তবে চার সন্তানের জননী সুন্দরী বেগমকে কারা অ্যাসিড ছুড়েছেন তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। সুন্দরী বেগমের স্বামী কবির মণ্ডল অ্যাসিড নিক্ষেপের জন্য তার প্রতিবেশীকে অভিযুক্ত করেছেন। তবে প্রতিবেশীরা বলছেন, তাদের ফাঁসানোর জন্য সুন্দরীর স্বামীই এ অপকর্ম করিয়েছেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক সোমবার ঘটনাস্থলে যান। তিনি সাংবাদিকদের জানান, সোমবার ভোররাতে সুন্দরী বেগমের ওপর অ্যাসিড ছোড়া হয়। এতে তার শরীরের ওপরের অংশ ঝলসে যায়। তাকে সোমবার ব্রাকের সহায়তায় ঢাকা পাঠানো হয়েছে। অ্যাসিড ছোড়ার জন্য কবির মণ্ডল তার প্রতিবেশী নবা, আইয়ুব, বক্তার ও কায়েস নামে চার যুবককে দায়ী করেছেন বলে পুলিশ কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান। ঘটনার সময় কবির মণ্ডল বাড়ি ছিলেন না বলে তিনি পুলিশকে জানিয়েছেন। এদিকে নবা ও আইয়ুবের মা আমেনা বেগম অ্যাসিড নিক্ষেপের ঘটনায় তার সন্তানরা জড়িত নয় বলে দাবি করেছেন। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "কবির মণ্ডলের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে। তার বিরুদ্ধে আমারা একটি মামলাও করেছিলাম। তাই কবির মণ্ডল আমাদের ফাঁসাতে মিথ্যা অভিযোগ করেছে। ওই ঘটনার আমাদের পরিবারের কারো সংশ্লিষ্টতা নেই।" পুলিশ কর্মকর্তা আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। কাউকেই সন্দেহের বাইরে রাখা হচ্ছে না।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৫ ঘ.