ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার নেতৃত্ব নিয়ে দলে যে বিভেদ সৃষ্টি হয়েছিল তা এখন আর নেই বলে দাবি করেছেন বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, "দলে অনৈক্যের কারণ দূরীভূত হয়েছে। খালেদা জিয়াই বর্তমানে বিএনপির চেয়ারপারসন। আগামীতেও তিনি থাকবেন। তিনি এ দলের সম্পদ; তার নেতৃত্বের প্রশ্নে আমাদের মধ্যে কোনো বিতর্ক নেই।"
তিনি অভিযোগ করেন, দলে এ নিয়ে যারা বিভ্রান্তি সৃষ্টি করছে তারা ব্যক্তিগত স্বার্থসিদ্ধি ও পদের জন্য এমনটি করছে।
সোমবার দুপুরে বনানীর বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব বলেন।
নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের বিষয়ে অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন আহমেদ জানান, সংলাপের জন্য বিএনপি একটি 'খসড়া প্রস্তাব প্রণয়ন' কমিটি গঠন করেছে। মান্নান ভূঁইয়ার নেতৃত্বে এ কমিটি প্রণীত প্রস্তাব সংলাপের সময় নির্বাচন কমিশনারের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে।
সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, "নির্বাচন কমিশন আমাদের কাছে ৭২ সালে প্রণীত গণপ্রতিনিধিত্ব আইন সংশোধনসহ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু করতে নির্বাচনী বিধিমালার বিষয়ে সুনির্দিষ্ট মতামত জানতে চেয়েছে। বিএনপি চায় বিগত সময়ের মতো কালো টাকা এবং পেশী শক্তির পরিবর্তে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক।"
প্রার্থী মনোনয়নের ক্ষেত্রেও অতীতে যোগ্যতা ও জনপ্রিয়তা যাচাই না করে মনোনয়ন বাণিজ্য হয়েছে এ অভিযোগ তুলে ধরে তিনি বলেন, "এবার প্রথম থেকেই নির্বাচন কমিশন সৎ ও যোগ্য প্রার্থী মনোনয়নে যে উদ্যোগ নিতে যাচ্ছে বিএনপি তার সঙ্গে আছে।"
দলের বিভেদ প্রসঙ্গে অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন বলেন, "খালেদা জিয়াকে ঘিরে অতীতে বিএনপিতে দুটি স্রোতধারা সৃষ্টি হয়েছিল। যে সংষ্কার প্রস্তাব দেয়া হয়েছিল তাতে দলের নেতৃত্ব পরিবর্তনের বিষয়টিও ছিল; আর এ নিয়েই বিভেদ।"
এ বিষয়ে তিনি বলেন, "আমি আগেও বলেছি- এখনও বলছি, দলের চেয়ারপারসন খালেদা জিয়া আছেন এবং থাকবেন। আমরা দলে খালেদা জিয়াকে নিয়েই সংষ্কার করবো; তার সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে এ সংষ্কার হবে।"
খালেদা জিয়া নিজে দলের গণতন্ত্রায়নের জন্য সংষ্কার চেয়েছেন বলেও জানান হফিজউদ্দিন।
আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের 'রাজনৈতিক দলগুলোতে প্রত্যাশিত সংষ্কার হচ্ছে না' এ বক্তব্যের জবাবে তিনি বলেন, "বিএনপি প্রথম থেকেই দলে সংষ্কারের উদ্যোগ শুরু করেছে। এটার জন্য সময়ের প্রয়োজন। দলের কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে দলে সংষ্কার আনা হবে।"
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন, "স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলোতে দলীয় মনোনয়ন দেয়ার রীতি নেই। তবে বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেবে। আমরা সংসদসহ সব নির্বাচনে অংশ নেব।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "খসড়া প্রস্তাব কমিটিতে যুদ্ধাপরাধের বিষয়টি আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব।"
সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন, সাবেক সাংসদ শাহ আবুল হোসাইন, নাজির হোসেন ও মোশারফ হোসেন মঙ্গু।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমএ/১৩৩২ ঘ.
bdnews24