ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--আবার ফিরে এসেছে ভয়াল ১২ নভেম্বর। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের ইতিহাসে এক বিভীষিকাময় দিন। ১৯৭০ সালের এই দিনে প্রলয়ঙ্করী এক সামুদ্রিক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারায় উপকূলীয় অঞ্চলের ১০ লক্ষাধিক মানুষ ।
১২ নভেম্বরের ঘূর্ণিঝড়ে বিরানভূমিতে পরিণত হয় বিস্তীর্ণ জনপদ। মানুষ ছাড়াও মারা যায় কয়েক লাখ গবাদি-পশু। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকে লাশ আর লাশ। '৭০-এর সেই দু:সহ স্মৃতি বুকে নিয়ে যারা আজও বেঁচে আছেন সেই ভয়াবহ দিনটির কথা মনে করে এখনো আঁতকে উঠেন তারা।
১১ নভেম্বর বুধবার থেকেই বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গুঁড়ি গুঁিড় বৃষ্টি শুরু হয়। পরের দিন আবহাওয়া আরও খারাপ হয়। পূর্ণিমার প্রভাবে সাগর হয়ে উঠে উত্তাল। জোয়ারের বেগ বাড়তে থাকে। মাঝরাতেই ফুঁসে ওঠে সমুদ্র।
রাতে তীব্রবেগে পাহাড় সমান ঢেউ ধেয়ে আসতে থাকে লোকালয়ের দিকে। ২৫/৩০ ফুট উচ্চতার ঢেউ একের পর এক আছড়ে পড়ে ঘরবাড়ি, জনমানুষের ওপর। ঢেউ মুহুর্তেই ভাসিয়ে নিয়ে যায় মানুষ, গবাদিপশু, ঘরবাড়ি, সহায়-সম্পদ ও ক্ষেতের ফসল। ঘূর্ণিঝড় শেষ হওয়ার পর উন্মুক্ত আকাশের নিচে, ক্ষেত-খামার মাঠে, প্রান্তরে পড়ে থাকে শুধু লাশ আর লাশ।
সমন্বিত উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা পরিকল্পনা প্রকল্পের তথ্যমতে সেই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয় ৮১ হাজার বর্গকিলোমিটার এলাকা। সরকারি হিসেবেই প্রাণহানি ঘটে ১ লাখ ৭০ হাজার মানুষের। লাশ দাফনেরও উপায় না থাকায় কুকুর, শিয়াল ও শকুনে খেয়েছে তা।
১২ নভেম্বরের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসকে স্মরণে রাখতে জাতীয় উপকূলীয় সচেতনতা দিবস ঘোষণার দাবি জানিয়েছে পানিসম্পদ পরিকল্পনা সংস্থার সমন্বিত উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা পরিকল্পনা প্রকল্পসহ বেশকিছু বেসরকারি উন্নয়ন সংস্থা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএ/এসকে/১২০৪ঘ.
bdnews24