২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ঘটনায় তদন্ত কমিশনের সুপারিশমালা পেশ মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০ থেকে ২২ আগস্ট বিক্ষোভ সংঘর্ষের ঘটনার বিচারবিভাগীয় তদন্ত কমিশন আগামী মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে সুপারিশমালা জমা দেবে। ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনা আর না ঘটে সেজন্য ১০০ পাতার ওই সুপারিশমালায় সুনির্দিষ্ট প্রস্তাব রাখা হবে। এতে 'কমিশন অব ইনকয়ারি অ্যাক্ট' সংশোধনেরও সুপারিশ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 06:03 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০ থেকে ২২ আগস্ট বিক্ষোভ সংঘর্ষের ঘটনার বিচারবিভাগীয় তদন্ত কমিশন আগামী মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে সুপারিশমালা জমা দেবে। ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনা আর না ঘটে সেজন্য ১০০ পাতার ওই সুপারিশমালায় সুনির্দিষ্ট প্রস্তাব রাখা হবে। এতে 'কমিশন অব ইনকয়ারি অ্যাক্ট' সংশোধনেরও সুপারিশ থাকবে। কমিশন প্রধান বিচারপতি হাবিবুর রহমান রোববার সার্কিট হাউজে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। বিচারপতি হাবিবুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যা ঘটেছে তা প্রথমদিকে 'একটি আকস্মিক ঘটনা' হিসেবে থাকলেও ছাত্র-শিক্ষক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আবেগের বিষয় জড়িয়ে পড়ায় পরিস্থিতি দ্রুত সহিংসতার দিকে মোড় নেয়। তা ছ্ড়াা ছাত্র ও শিক্ষক রাজনীতিও একে অনেকটা প্রভাবিত করেছে বলে মন্তব্য করেন তিনি। এজন্য তিনি ছাত্র-শিক্ষক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে প্রাতিষ্ঠানিক নিয়ম মানার কঠোর অভ্যাস গড়ে তোলার সুপারিশ করেছেন বলে জানান। সুপারিশমালায় 'কমিশন অব ইনকয়ারি অ্যাক্ট ১৯৫৬' সংশোধন করার প্রস্তাব অন্তর্ভুক্ত করার কারণ হিসেবে তিনি বলেন, এ ধরনের কমিশন তদন্তের জন্য সবকিছু করতে পারলেও এর কোনো বিচারিক ক্ষমতা নেই। এ ধরনের কমিশনের সঙ্গে একটি স্বাধীন তদন্তকারী ইউনিট দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে যে সেনা সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডার জের ধরে বিক্ষোভের শুরু হয়েছিল কমিশন তার সাক্ষী নিতে পেরেছে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "এ ব্যাপারে ডিজিএফআই এর মাধ্যমে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা গতকাল পর্যন্ত কোনো উত্তর দেয়নি।" এ প্রসঙ্গে তিনি আরো বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর নিজস্ব একটি তদন্ত দল কাজ করছে। তারা অবশ্যই এ বিষয়টি দেখবে।" কমিশন প্রধান বলেন, "সব দেশেই রাজনীতি আছে। কিন্তু ছাত্র-শিক্ষকরা আর কোথাও সরাসরি রাজনৈতিক দলের কর্মকাণ্ডে অংশ নিতে পারে না। তাই ছাত্র ও শিক্ষকরা যাতে সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ও আইন পর্যালোচনা করার প্রস্তাব সুপারিশমালায় রাখা হয়েছে।" তবে ছাত্র বা শিক্ষক রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করার সুপারিশ করা হয়নি বলে তিনি জানান। কারাগারে অন্তরীণ শিক্ষক ও শিক্ষার্থীদের মুক্তির ব্যাপারে সুপারিশমালায় কিছু থাকছে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "এ বিষয়টি কমিশনের কাজের আওতাধীন নয়। তবে, এ ব্যাপারে সুপারিশমালায় আলোচনা করা হয়েছে।" তবে এ বিষয়ে কী ধরনের আলোচনা করা হয়েছে সে সম্পর্কে কিছু বলতে রাজি হননি তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/এমএইচবি/২৩৪৮ ঘ.