সাজ্জাদুর রহমান
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম সিনিয়র অর্থনৈতিক প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল দাম যে হারে বাড়ছে তাতে উভয় সঙ্কটে পড়েছে সরকার।
বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে স্থানীয় বাজারেও তেলের দাম বাড়তে থাকলে ইতোমধ্যে দুই অংকের কোটা ছাড়িয়ে যাওয়া মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে। আর ভর্তুকি বাড়িয়ে রক্ষণাত্মক পথে হাঁটতে গেলে সরকারের বাজেট ঘাটতি আরো বাড়বে। তারা বলছেন ভর্তুকি দিলে বাড়তি টাকা কোত্থেকে আসবে তা জানে না অর্থ ও জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র প্রতিবেদক সাজ্জাদুর রহমান সঙ্কটের এই চিত্র তুলে ধরেছেন।
বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম ছিল রেকর্ড ১০৪ ডলার। ডলারের দুর্বল অবস্থান ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতার কারণে তেলের দাম এভাবে বাড়ছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আনোয়ারুল করিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন যে পর্যায়ে পৌঁছেছে তাতে চলতি অর্থবছর পেট্রোলিয়াম করপোরেশনের জন্য ভর্তুুকি বাবদ সরকারকে কমপক্ষে পাঁচ হাজার ৫০০ কোটি টাকা গুনতে হবে।"
অথচ চলতি অর্থবছরের বাজেটে এ খাতে আড়াই হাজার কোটি টাকা ভর্তুকি নির্ধারণ করা হয়েছিল বলে জানান তিনি।
নাম প্রকাশ না করার শর্তে জ্বালানি মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, স্থানীয় বাজারে তেলের দাম বাড়ানো অথবা এই খাতে ভর্তুকির পরিমাণ বাড়ানোর প্রস্তাব দিয়ে অর্থ মন্ত্রণালয়ের কাছে ঈদের আগে ও পরে জ্বালানি মন্ত্রণালয় থেকে দুটি প্রস্তাব পাঠানো হয়েছে।
জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, বর্তমানে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল ৯৮ ডলারে কিনে পরিশোধনের পর ১০৯ ডলারে বিক্রি করা হচ্ছে। এই হিসাবে স্থানীয় বাজারে প্রতি লিটার ডিজেলের দাম ৪০ টাকার পরিবর্তে ৬১ টাকা হওয়া উচিত।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চলতি অর্থবছরে বাংলাদেশের ৩৮ লাখ টন তেল প্রয়োজন। এর মধ্যে ২১ লাখ টন ডিজেল, পাঁচ লাখ টন কেরোসিন, আড়াই লাখ টন পেট্রোল ও অকটেন এবং বাকিটা অন্যান্য জ্বালানি তেল।
ডিজেলের মোট চাহিদার ৫৫ শতাংশ প্রয়োজন হয় পরিবহন খাতে। ২০ থেকে ২২ শতাংশ যায় কৃষি সেচের জন্য। বাকিটা দরকার হয় শিল্প ও অন্যান্য খাতে।
নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দেশে তেলের দাম আরেক দফা বাড়ানো হলে মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে। আর এ ব্যাপারে কোনো নীতিমালা নেওয়া না হলে এই খাতে বাজেটে নির্ধারিত ভর্তুকির চেয়ে তিন হাজার কোটি টাকা বেশি দিতে হবে।
দেশে মাসভিত্তিক মূল্যস্ফীতির পরিমাণ জুলাই মাসে ছিল ১০ দশমিক ১০ শতাংশ, আগস্টে ১০ দশমিক ১২ শতাংশ ও সেপ্টেম্বর মাসে ৯ দশমিক ৮ শতাংশ। গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় স্থানীয় বাজারে খাদ্য দ্রব্যসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে।
জ্বালানি মন্ত্রণালয়ের ২০০৬ এর ডিসেম্বরের তথ্য অনুযায়ী, বিপিসি'র কাছে স্থানীয় ব্যাংকগুলোর পাওনা ১০ হাজার কোটি টাকা। বিদেশি ব্যাংকগুলোতে ঋণসহ বিপিসি'র ঋণের পরিমাণ প্রায় ১৪ হাজার কোটি টাকা।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার অক্টোবরের এক প্রতিবেদনে জানানো হয়, আগামী বছর অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক চাহিদা হবে ৮ কোটি ৮০ লাখ ব্যারেল, যা চলতি বছরের চেয়ে ২ দশমিক ৪ শতাংশ বেশি। ২০১৫ সাল নাগাদ এই চাহিদা হবে দৈনিক ৯ কোটি ৮০ লাখ ব্যারেল।
ওই সংস্থার হিসেবে, আগামী দিনগুলোতে ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম আরো বাড়তে পারে। ইরানের পরমাণু স্থাপনা সংক্রান্ত আন্তর্জাতিক জটিলতা, কুর্দি ওয়ার্কার্স পার্টির হামলা প্রতিহত করতে তুরষ্কের পদক্ষেপ, ইয়েমেনে তেলের পাইপ লাইনে বোমা হামলা, ইরাকি বিদ্রোহীদের আন্তঃসীমান্ত হামলাসহ বিভিন্ন পরিস্থিতি বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় ভূমিকা রাখতে পারে।
এছাড়া এসব দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহে বিঘ
bdnews24