২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কারের কারণে গ্যাস সরবরাহে সাময়িক বিঘ

বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের (বিজিএসএল) পাইপ লাইনে সংস্কার কাজের জন্য সোমবার থেকে চারদিন গ্যাসনির্ভর দুটি বিদ্যুৎকেন্দ্র, দুটি সার কারখানা ও কয়েকটি শিল্প কারখানায় গ্যাস সরবরাহ আংশিক বা সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 04:07 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

চট্টগ্রাম, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের (বিজিএসএল) পাইপ লাইনে সংস্কার কাজের জন্য সোমবার থেকে চারদিন গ্যাসনির্ভর দুটি বিদ্যুৎকেন্দ্র, দুটি সার কারখানা ও কয়েকটি শিল্প কারখানায় গ্যাস সরবরাহ আংশিক বা সম্পূর্ণ বন্ধ রাখা হবে। এজন্য চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষ। বিজিএসএল সংবাদপত্রে এক প্রকাশিত এক বিজ্ঞাপনে জানিয়েছে, সোমবার হতে বাখরাবাদ থেকে চট্টগ্রাম পর্যন্ত উচ্চচাপ গ্যাস সঞ্চালন পাইপ লাইনে জমে থাকা কনডেনসেট ও নানা বর্জ্য সরানোর কাজ শুরু হবে। পর্যায়ক্রমে এই লাইনের আওতাধীন কুমিল্লা, লাকসাম, ফেনী, চাঁদপুর, মাইজদী ও চট্টগ্রাম অংশে সংস্কার কাজ করা হবে। বিজ্ঞাপনে বলা হয়, কাজ চলার সময় পর্যায়ক্রমে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ ও সার কারখানাসহ বড় শিল্প প্রতিষ্ঠানগুলোতে গ্যাস সরবরাহ আংশিক বা সম্পূর্ণ বন্ধ রাখা হবে। এতে আবাসিক এলাকায়ও গ্যাস সরবরাহ সাময়িক ব্যাহত হতে পারে। বিজিএসএলের নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধতন এক কর্মকর্তা জানান, মূল পাইপ লাইন থেকে পুঞ্জীভূত কনডেনসেট ও অন্যান্য বর্জ্য অপসারণ করা হলে এ অঞ্চলে গ্যাসের প্রবাহ বাড়বে। এছাড়াও এর ফলে উৎপাদন হ্রাসজনিত কারণে সৃষ্ট গ্যাস সংকটও কিছুটা কমতে পারে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জনসংযোগ কর্মকর্তা মনিরুজ্জামান শিমুল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কেন্দ্র দুটি এ সময় বন্ধ রাখার কারণে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় লোডশেডিং বাড়তে পারে। তিনি অবশ্য জানান, লোডশেডিং সহনীয় রাখতে জাতীয় গ্রিড থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য ইতোমধ্যে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের পাঁচটি ইউনিট থেকে বর্তমানে গড়ে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে চট্টগ্রামে বিদ্যুৎ চাহিদার অনেকটা মেটানো যাবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এসএনডি/২২০০ ঘ.